চমকের পর চমক আসছে স্টার জলসার ধারাবাহিক 'লক্ষ্মী ঝাঁপি'তে। এখন ধারাবাহিকে দেখানো হচ্ছে ঝাঁপি ও দীপের ডিভোর্স হচ্ছে। যদিও এই ডিভোর্স একেবারেই চায় না ঝাঁপি। তবুও দীপের জেদের কাছে হার মানতে বাধ্য হচ্ছে সে। এর মধ্যেই মেগায় আসছে বিরাট মোড়। সামনে এসেছে 'লক্ষ্মী ঝাঁপি'র নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, আমেদাবাদ থেকে দীপের ঠাম্মির বোন তাদের বাড়ি বেড়াতে এসেছে। ঠাম্মি বোনের সঙ্গে আলাপ করিয়ে ঝাঁপির। ঝাঁপি তাকে প্রণাম করতে এলে সে বাধা দেয়!

 

জানায়, ঝাঁপির সঙ্গে দীপকেও প্রণাম করতে হবে। সে জোড়ায় ছাড়া নাকি প্রণাম নেবে না। ঝাঁপি কিছু বলার আগেই দীপ জানায়, সেটা একেবারেই হবে না। কারণ আর কিছুদিনের মধ্যেই তাদের ডিভোর্স হচ্ছে। এই কথা শুনে ঝাঁপি হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়। দীপ তড়িঘড়ি তাকে ধরে কোলে মাথা রেখে শুয়ে দেয়। ঠাম্মির বোন ঝাঁপিকে দেখে জানায়, তাদের আর ডিভোর্স করা হবে না। কারণ তাদের সারাজীবন একসঙ্গে বেঁধে রাখার জন্য একজন আসছে। ঝাঁপি মা হতে চলেছে। এই কথা শুনে দীপ ও ঝাঁপি দু'জনেই আঁতকে ওঠে। 

 

তবে কি সত্যিই মা হতে চলেছে ঝাঁপি! দীপ-ঝাঁপির সংসারে আসছে খুদে সদস্য? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে। 

 

প্রসঙ্গত, কিছুদিন আগেই গল্পে দেখানো হয়েছিল কোর্ট চত্বরে মুখোমুখি দীপ ও ঝাঁপি। দীপ যখন তার থেকে জানতে চায় কেন সে ডিভোর্স পেপারে সই করল না, ঝাঁপি জানায় কোনও মিথ্যে দোষ নিয়ে সে সংসার ছাড়বে না। বরং সে উল্টে প্রমাণ করে দেবে তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যে। কিন্তু সেখানেই ইনকার এন্ট্রি হয়। সে ঝাঁপিকে জানায়, দীপের মনে ওর জন্য আর কোনও অনুভূতি নেই। তবে এই কথা শুনে দমে যায় না নায়িকা। 

ঝাঁপি ইনকাকে পাল্টা জবাব দিয়ে জানায়, সে কিছুতেই তাকে সফল হতে দেবে না। তার শ্বশুর বাড়ি দখল করতে দেবে না। বরং সে প্রাণ দিয়ে হলেও তার ভালবাসার মানুষদের আগলে রাখবে। তাই ইনকাকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় সে।‌ এদিকে, ইনকাকে কিছুই বলে না সে। বরং রেগে গিয়ে দীপ জানায়, ডিভোর্স সে দিয়েই ছাড়বে। অন্যদিকে, ঝাঁপিও জানায়, এই ডিভোর্স সে হতে দেবে না। এর মাঝেই নাকি মা হতে চলেছে ঝাঁপি। এবার নতুন মোড়ে গল্পে কী হয়, জানার জন্য অপেক্ষায় দর্শক মহল।