এবার মোড় ঘোরানো চমক আসছে জি বাংলার ধারাবাহিক 'জোয়ার ভাঁটা'‌য়। এবার নিশার বিরুদ্ধে আওয়াজ তুলবে বোন উজি! সম্প্রতি এই ধারাবাহিকে এসেছে নতুন প্রোমো। দেখা যাচ্ছে, নিশা জিৎ-এর চোখে ফাঁকি দিয়ে জেল থেকে পালিয়েছে। জিৎ বসু আরও চটে লাল হয়ে যায়। খবর পৌঁছে যায় উজি-ঋষির কাছেও। উজি এই খবর পেয়ে কাঁদতে থাকে‌। ঋষিকে বলে যে সে দিদিকে সঠিক পথে নিয়ে আসতে পারল না। ঋষি তাকে আশ্বাস দিয়ে বলে যে, নিশাকে সঠিক পথে ফেরাতে পারবে একজন সৎ পুলিশ অফিসার। তাই সে যেন তার বাবার স্বপ্নপূরণ করে পুলিশ হয়। উজি অবাক হয়ে জানতে চায়, পুলিশ হওয়া কি এতটাই সহজ?

এবার কি পুলিশ হয়ে নিশার মুখোমুখি হবে উজি? দুই বোনের মধ্যে বাঁধবে গণ্ডগোল! কী হতে চলেছে ধারাবাহিকের আগামী পর্বে? বোঝাই যাচ্ছে বিরাট চমক আসতে চলেছে 'জোয়ার ভাঁটা'‌য়। নিশাকে শিক্ষা দিতে এবার তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে উজি! পাশে থাকবে ঋষিও। এবার কি সঠিক পথে ফিরবে নিশা? নাকি দুই বোনের মধ্যে বাড়বে দূরত্ব? নতুন প্রোমো দেখে এখন এইসব প্রশ্ন ঘুরছে দর্শকের মনে।

'জোয়ার ভাঁটা'র গল্প যেখানে দাঁড়িয়ে রয়েছে, সেখানে এই চমক যেন কিছুটা হলেও প্রত্যাশিত। এবার গল্পকে আরও টানটান করতে আসছে নতুন মোড়। কিছুদিন আগেই গল্পে দেখানো হয়েছিল, অপরাধীর পোশাকে জেলে নিশা। তার পরনে নীল পাড় সাদা শাড়ি। সামনে দাঁড়িয়ে উজি। উজি তার স্বামী ঋষির সঙ্গে হাত মিলিয়ে নিশাকে ধরিয়ে দেয়। বলাই বাহুল্য, বোনের এই কাজে যারপরনাই ক্ষেপে যায় নিশা। বলে বড়লোকদের সঙ্গে হাত মিলিয়ে দিদির সঙ্গে বিশ্বাসঘাতকতা করল! জবাবে নিশা জানায় সে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য অপরাধ করেছে। আর উজি সবসময় ন্যায়ের পক্ষে থাকে। তাই সে এই কাজ করেছে। 

নিশা এদিন স্পষ্ট করে দেয় তাকে ধরে রাখে এমন কোনও জেল নেই। দিদির এই কথার জবাবে উজি দিদির গালে আবির লাগিয়ে দেয়। জানায় এই সম্পর্কের রং নষ্ট হোক সে চায় না। কিন্তু যদি নিশা অপরাধ করেই যায় সে তার সামনে সবথেকে বড় বাধা হয়ে দাঁড়াবে। 

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, সম্প্রতি এই গল্পে দেখানো হয়েছে পুলিশের সঙ্গে হাত মিলিয়ে ঋষি ফাঁদ পেতেছিল হরিপ্রসাদ বাবুর দুই মেয়েকে ধরতে। রটিয়ে দেওয়া হয় নিশা মারা গিয়েছে এনকাউন্টারে, দিদির মৃত্যু খবর শুনে নিজেকে আর আড়াল করে রাখতে পারে না উজি। ছুটে যায় সেখানে। আর জানাজানি হয়ে যায় তাদের আসল পরিচয়। এই ধারাবাহিকে দুই বোনের ভূমিকায় দেখা যাচ্ছে শ্রুতি দাস এবং আরাত্রিকা মাইতিকে দেখা যাচ্ছে। দর্শক মহলে দারুণ প্রশংসিত হয় শ্রুতি-আরাত্রিকার অভিনয়।