স্টার জলসায় শুরু হয়েছে 'ভোলেবাবা পার কারেগা'র নতুন সিজন। এই সিজনের গল্প আগেরটার থেকে একেবারেই আলাদা। এবার গল্প এগোচ্ছে উজান, কুইন ও রত্নজিৎকে নিয়ে। ধারাবাহিকের গল্প অনুযায়ী, রত্নজিৎ ও কুইন এক সময় একে অপরকে ভালবাসত। তাদের ভালবাসা এখনও ফিকে হয়ে যায়নি। তবে রত্নজিৎ চাকরি না পাওয়ার জন্য কুইনের বাড়ি থেকে তার অন্য পাত্র দেখে বিয়ে ঠিক করে। ফলে কুইন নিজের ভালবাসা ভুলে বিয়েতে রাজিও হয়, কিন্তু মন পড়ে থাকে তার রত্নজিতের কাছেই।
এদিকে, কুইনের বিয়ে ঠিক হয় উজানের সঙ্গে। উজান রগচটা মানুষ। নিজের মায়ের সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে তেমন ভাল সম্পর্ক নেই। বিয়েতেও একপ্রকার জেদের বশেই রাজি হয় সে। এদিন প্রোমোতে দেখা যায়, রত্নজিৎ কুইনকে বলছে যে, সে তো তাকে ভালবাসে। তার সঙ্গে মনের মিল রয়েছে, অন্যের সঙ্গে কীভাবে সংসার করবে? কুইন সব শুনেও ফিরিয়ে দেয় রত্নজিৎকে। কিন্তু বিয়ের পর কী হবে তিনজনের জীবনে? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।
এই ধারাবাহিকের নতুন সিজনে ত্রিকোণ প্রেমের দুই প্রান্তে আছেন রাহুল অরুণোদয় ব্যানার্জি ও সিদ্ধার্থ সেন। মাঝে আছেন অভিনেত্রী শ্বেতা মিশ্র।
প্রথম প্রোমোতেই বোঝা গিয়েছিল অঞ্জন দত্তের জনপ্রিয় গান বেলা বোস এর স্টাইলে নতুন নায়ক নায়িকাকে বলছে সে যেন তার জন্য আসা সমস্ত সম্বন্ধ বাতিল করে দেয়, তার কারণ সে চাকরি পেয়ে গিয়েছে। উত্তর নায়িকা জানায় যে সেটা আর সম্ভব নয়। তার বিয়ে পাকা হয়ে গিয়েছে। শুধু তাই নয়, আজ তার আইবুড়োভাত, আর একদিন পর বিয়ে।
তারপরই দেখা গিয়েছিল, নায়ক একটি বাড়িতে এসে বেল বাজায়। সেখানে বধূবেশে দরজা খোলে নায়িকাই। তাকে দেখেই চমকে ওঠে নায়ক। জানতে চায় সে এখানে কেন। নায়িকা জবাবে বলে, এটাই তার শ্বশুর বাড়ি। এখানেই তার বিয়ে হয়েছে। এরপর থেকেই শুরু হবে গল্পের টুইস্ট।
তবে নতুন সিজন আসায় কিছু নেটিজেন আবার সাক্ষ্য, ঝিলের গল্প এভাবে শেষ করে দেওয়ায় ক্ষেপে গিয়েছেন। তবে অনেকেই জানিয়েছেন যে নতুন স্লটে এই নতুন গল্প ভাল ভাবেই জমবে।
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, বহু বছর পর 'ভোলেবাবা পার করেগা' ধারাবাহিকের হাত ধরে ছোটপর্দায় ফিরেছিলেন মধুমিতা সরকার। কিন্তু টিআরপি তালিকায় একেবারেই জায়গা করতে পারছিল না এই ধারাবাহিক। তার মধ্যে সদ্যই সাত পাকে বাঁধা পড়েছেন অভিনেত্রী। সব মিলিয়েই সাক্ষ্য এবং ঝিলের গল্পে ইতি টানা হল। সেখান থেকেই শুরু হয়েছে শ্বেতা, রাহুল এবং সিদ্ধার্থের ত্রিকোণ সম্পর্কের গল্প।
