সংবাদসংস্থা মুম্বই:

কার্তিকের নতুন ছবি

'ভুল ভুলাইয়া ৩'র পর একটি হালকা চালের ছবিতে ফিরছেন কার্তিক আরিয়ান। খবর, মুদ্দাসর আজিজের 'পতি,পত্নী ঔর ওহ্'-এর সিক্যুয়েলের শুটিং শুরু করবেন কার্তিক। এই ছবির আগে অনুরাগ বসুর নির্দেশনায় একটি কাজ করার কথা ছিল কার্তিক ও তৃপ্তি দিমরির। কিন্তু সে ছবির শুটিং পিছিয়ে যাওয়াতে ওই সময়ে 'পতি পত্নী ঔর ওহ্ ২'-এর নির্মাতাদের ডেট দিয়ে দিয়েছেন কার্তিক। আগামী ডিসেম্বর থেকেই শুরু শুটিং।

 

সইফ-করিনাকে খুনের হুমকি

করিনা কাপুরকে বিয়ে করার আগে খুনের হুমকি পেয়েছিলেন সইফ আলি খান। এক সাক্ষাৎকারে সইফ জানিয়েছেন তাঁরা পরস্পর ভিন্নধর্মী হওয়ায় এই বিয়ে খুব একটা সহজ ছিল না। সইফের শ্বশুর তথা করিনার বাবা কাছে বেশ কিছু হুমকি বার্তা এসেছিল যাতে ভিন্ন‌ধর্মে বিয়ের কথা উল্লেখ করে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল সইফ-করিনাকে।

 

সামান্থায় মুগ্ধ বরুণ

মায়োসাইটিস নামক বিরল রোগে আক্রান্ত সামান্থা রুথ প্রভু। ২০২২ সালে অভিনেত্রীর এই রোগ ধরা পড়ে। পেশির এই বিরল অসুখে ভোগার কথা জানান সামান্থা। তবে অসুস্থতা সত্ত্বেও নিজের কাজ থামাননি তিনি। চালিয়ে গিয়েছিলেন 'সিটাডেল: হানি বানি' সিরিজের কাজ। সম্প্রতি এক সাক্ষাৎকারে বরুণ ধাওয়ান জানালেন, এমনও সময় গিয়েছে যখন শুটিংয়ের মাঝেই জ্ঞান হারিয়েছেন সামান্থা। দৌড়নোর দৃশ্য শুট করে অক্সিজেন নিতে হয়েছে তাঁকে, নিতে হয়েছিল ওষুধ। তবু থেমে যাননি সামান্থা। সেই সময় যতটা অসহায় লেগেছিল বরুণের ততটা রাগও উঠেছিল গোটা পরিস্থিতি দেখে। নিজেই জানিয়েছেন বরুণ।