বলিউড তারকা আমির খানের ব্যক্তিগত জীবন বরাবরই আলোচনার কেন্দ্রে। এবার তাঁর সাম্প্রতিক বিবাহকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় নতুন বিতর্কের জন্ম দিলেন লেখিকা তসলিমা নাসরিন। ফেসবুকে করা একটি দীর্ঘ পোস্টে আমির খানের একাধিক বিয়ে, বিবাহবিচ্ছেদ এবং নতুন স্ত্রী গৌরী স্প্র্যাটকে নিয়ে একের পর এক প্রশ্ন তুলেছেন তিনি।
পোস্টের শুরুতেই তসলিমার প্রশ্ন, "হাজি আমির খান শুধু হিন্দু মেয়েদের বিয়ে করেন কেন?" এরপর তিনি লেখেন, আমির নাকি তাঁর স্ত্রীদের ধর্মান্তরিত করেন না, কিন্তু সন্তানদের পদবি 'খান'ই থাকে। সেই প্রসঙ্গ টেনেই তিনি আমিরের ব্যক্তিগত জীবন নিয়ে কটাক্ষ করে লেখেন, ইচ্ছে হলে ডিভোর্স করেন, ইচ্ছে হলে প্রেম করেন, ইচ্ছে হলে আবার বিয়ে করেন। এমনকি ব্যঙ্গের সুরে তিনি লেখেন, "এমন চমৎকার লাইফ আর কার হয়! ইহকালেই তিনি বেহেস্তের আনন্দ ভোগ করছেন।"
তবে পোস্টের শেষেই তসলিমা এমন একটি প্রশ্ন ছুড়ে দেন, যা নিয়েই সবচেয়ে বেশি আলোচনা শুরু হয়েছে। তিনি লেখেন, "আমির খান না হয় গৌরি স্প্র্যাটকে বিয়ে করেছেন। কিন্তু গৌরী স্প্র্যাট কেন আমির খানকে বিয়ে করেছেন?"
তসলিমার এই পোস্ট সামনে আসতেই নেটদুনিয়ায় শুরু হয়েছে তুমুল বিতর্ক। কেউ তাঁর বক্তব্যের সঙ্গে সহমত প্রকাশ করেছেন, আবার অনেকেই মনে করছেন, দু'জন প্রাপ্তবয়স্ক মানুষের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে এ ধরনের মন্তব্য অনুচিত। ইতিমধ্যেই পোস্টটি ঘিরে নানা মত, পাল্টা মত এবং তর্ক-বিতর্ক ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে।
উল্লেখ্য, আমির খান এর আগে রীনা দত্ত এবং কিরণ রাওকে বিয়ে করেছিলেন। তাঁদের সঙ্গে বিচ্ছেদের পর সম্প্রতি দীর্ঘদিনের সঙ্গী গৌরি স্প্র্যাটকে বিয়ে করেছেন অভিনেতা। তবে এই বিতর্কিত পোস্ট নিয়ে এখনও পর্যন্ত আমির খান বা গৌরী স্প্র্যাট— কারও পক্ষ থেকেই কোনও প্রতিক্রিয়া প্রকাশ্যে আসেনি।















