বিরাট চমক আসতে চলেছে জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো 'দিদি নম্বর ওয়ান'-এ। এতদিন এই শো-এর সঞ্চালকের আসনে দর্শক দেখতেন রচনা ব্যানার্জিকে। তবে এইবার বদলে যেতে চলেছে সেই ছবিটা। রচনার জায়গায় সঞ্চালনায় দেখা যাবে জনপ্রিয় জুটিকে। অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য ও অভিনেতা রুবেল দাসকে দেখা যাবে এই ভূমিকায়। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এই শো-এর বিশেষ পর্বের ঝলক।
দেখা যাচ্ছে, প্রথমবার জুটি হিসেবে যেমন সঞ্চালনায় রুবেল-শ্বেতা, তেমনই এদিন খেলতে আসবের বাস্তবের জুটিরা। রুবেল-শ্বেতার জুটিকে পর্দা থেকে বাস্তবে দর্শক দারুণ ভালবাসা দিয়েছেন। তাই এই জুটির সঞ্চালনা দেখতে অপেক্ষায় অনুরাগীরা। সপ্তাহের শেষদিনেই দর্শকের জন্য থাকছে এই বিশেষ চমক।
এর আগেও 'দিদি নম্বর ওয়ান'-এর সঞ্চালনায় রচনা ছাড়াও আরও অনেককেই দেখা গিয়েছিল, এর আগে ভালবাসা দিবস উপলক্ষ্যে এক বিশেষ পর্বের সঞ্চালনায় শ্বেতাকে প্রথমবার দেখা গিয়েছিল এই মঞ্চে। তখন প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন রুবেল। এর আগে যদিও কোনও শো-এর সঞ্চালকের ভূমিকাতে সেভাবে দেখা মেলেনি এই জুটির।
প্রসঙ্গত, শ্বেতাকে দর্শক শেষ দেখেছিলেন জি বাংলার ধারাবাহিক 'কোন গোপনে মন ভেসেছে'তে। এই ধারাবাহিকে অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে জুটি বেঁধেছিলেন শ্বেতা। ওই মেগা শেষ হওয়ার পর অভিনেত্রীর ফেরার অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। কিন্তু মাঝে অনেকদিন কেটে গেলেও নতুন ধারাবাহিকে ফেরেননি শ্বেতা। অন্যদিকে, রুবেলকে দর্শক শেষ দেখেছিলেন জি বাংলার ধারাবাহিক 'তুই আমার হিরো'তে। মেগা শেষ হতে এখনও পর্যন্ত ফেরার খবর নেই অভিনেতার।
তবে আবারও 'দিদি নম্বর ওয়ান'-এর মঞ্চে তাঁদের ফিরে পেয়ে দারুণ খুশি শ্বেতা-রুবেলের অনুরাগীরা। এবার নতুন ভূমিকায় তাঁদের দেখে যেন আরও উত্তেজনা ছড়িয়েছে নেটিজেনদের মধ্যে।
















