২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি, ভালবাসা দিবসের দিনই সকলকে চমকে দিয়ে আইনি বিয়ে সেরেছিলেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। সেই বছরই ২ মার্চ হিন্দু রীতি মেনে বিয়ে সারেন তাঁরা। আর সেই দিনের ২ বছর পূর্ণ হল। আর সেই উপলক্ষ্যে প্রিয় বন্ধুর উদ্দেশ্যে এদিন একটি আবেগঘন বার্তা শেয়ার করলেন শ্রীময়ী চট্টরাজ। 

শ্রীময়ী চট্টরাজ এদিন সমাজমাধ্যমে দু'টো ছবি পোস্ট করেন তাঁদের। সেখানে দেখা যাচ্ছে কাঞ্চন মল্লিকের কাঁধে মাথা রেখে দাঁড়িয়ে শ্রীময়ী। আরও একটি ছবিতে তিনি মুগ্ধ নয়নে তাকিয়ে আছেন বরের দিকে। অভিনেত্রীর পরনে লাল শাড়ি এবং কন্ট্রাস্টে নীল ব্লাউজ। অন্যদিকে কাঞ্চন মল্লিকের কিরণে গেরুয়া পঞ্জাবি এবং মেরুন কোট। 

এদিন এই ছবিটি পোস্ট করে শ্রীময়ী লেখেন, 'আমাদের এই ভালবাসার সফরের আরও একটি বছর পূর্ণ হল। শুভ বিবাহবার্ষিকী আমার  প্রিয় বন্ধু! এক সাথে হাঁটার এই সফর যেন সারাজীবন এমনই মধুর থাকে।' তিনি এদিন একই সঙ্গে বলেন, 'জীবন আমাকে হয়তো আরও অনেক কারণ দিয়েছে খুশি থাকার, কিন্তু আমি সব থেকে খুশি তুমি আর কৃষভি আমার জীবনের সব চেয়ে সুন্দর উপহার।' 


প্রসঙ্গত, ২০২৪ সালের মার্চ মাসে দক্ষিণ কলকাতায় বসেছিল তাঁদের রিসেপশনের আসর। সেই সময় সাংবাদিকদের নিয়ে লেখা একটি বোর্ড ঘিরে শুরু হয় তুমুল বিতর্ক। যদিও সেসবই অতীত। সেই বছরই নভেম্বর মাসে কালীপুজোর দিন ভূমিষ্ট হয় তাঁদের মেয়ে কৃষভি। এখন তাঁকে ঘিরেই মেতে রয়েছেন এই তারকা জুটি। 

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, মা হওয়ার পর শ্রীময়ী চট্টরাজ সদ্যই ধারাবাহিকে ফিরেছেন। তাঁকে বর্তমানে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক 'মিলন হবে কতদিনে' দেখা যাচ্ছে। অন্যদিকে কাঞ্চন মল্লিক তাঁর রাজনৈতিক কাজের পাশাপাশি, সিনেমা, সিরিজ নিয়েও ব্যস্ত।

কাঞ্চন মল্লিক তাঁদের আইনি বিয়ের দিন একগুচ্ছ ছবি পোস্ট করে স্ত্রীকে শুভেচ্ছা জানিযেছিলেন। অভিনেতা বিধায়ক সেদিন ছবিগুলো পোস্ট করে লেখেন, '১৩ -এই ফেব্রুয়ারি ২০২৪ এর গভীর রাতে তুমি প্রশ্ন করেছিলে, 'তুমি কি আমাকে সত্যি বিয়ে করতে চাও, ভেবে বল।' আমি হ্যাঁ বলেছিলাম। ১৪ -এই ফেব্রুয়ারি সকালে আমরা দু'জনে, শুধু দু'জনে যাই আইনত বিবাহ বন্ধনে আবদ্ধ হতে।আমাদের সাক্ষী আমরাই, আর উকিল বাবু। আর একজন ছিলেন যাকে সবাই ঈশ্বর বলেন।' কাঞ্চন মল্লিক এদিন তাঁর পোস্টে আরও লেখেন, 'সেই দিন আমার জীবনের ভুল রাস্তায় চলা গাড়িটাকে ইউ টার্ন করিয়ে তুমি ঠিক রাস্তায় চালালে। এখন আমার জীবনের গাড়ির চালক তুমি, আমি শুধু হেল্পার। আর আমাদের গাড়ির নতুন প্যাসেঞ্জার ছোট্ট কৃষভি। আমাদের জীবনের গাড়ি চলুক দুর্বার গতিতে, কিন্তু সাবধানে। শুভ বিবাহবার্ষিকী।'

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, কাঞ্চন মল্লিকের এটি তৃতীয় বিয়ে। এর আগে তিনি অভিনেত্রী অনিন্দিতা এবং পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন।  ২০২৪ সালের একদম গোড়ার দিকে খাতায় কলমে আলাদা হন তিনি এবং পিঙ্কি। তাঁদের একটি ছেলেও আছে, ওশ। কাঞ্চন মল্লিকের এই তৃতীয় বিয়ের সময় বিস্তর কটাক্ষের মুখে পড়তে হয় অভিনেতাকে। তার মধ্যে অন্যতম কারণ ছিল, তাঁর এবং শ্রীময়ী চট্টরাজের বয়সের ফারাক। যদিও সেসবকে উপেক্ষা করেই তাঁরা নিজেদের মতো এগিয়ে চলেছেন।