মধুমিতা সরকারের সঙ্গে বিবাহ বিচ্ছেদের এত বছর পর সৌরভ চক্রবর্তীর সঙ্গে পুনরায় কোনও অভিনেত্রীর সম্পর্কের ফিসফাস শোনা যাচ্ছে। টলিউডের অন্দরে জোর গুঞ্জন, লক্ষ্মী ঝাঁপি নায়িকা শুভস্মিতা মুখোপাধ্যায়কে নাকি মন দিয়েছেন সৌরভ। যদিও এই বিষয়টি তাঁরা স্রেফ জল্পনা বলে উড়িয়ে দিয়েছেন। কিন্তু তার মাঝেই এদিন কার জন্য অভিনেতা লিখলেন, ' বেশ কয়েকবার বুক কেঁপে উঠেছিল...' 

ব্যাপারটা খোলসা করেই বলা যাক। সদ্যই সম্প্রচারিত হল স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড। সেখানেই তিনটি পুরস্কার পেয়েছেন সৌরভ চক্রবর্তী। মাঝে দীর্ঘ সময় তিনি পরিচালনায় মনোনিবেশ করেছিলেন। এতদিন পর ক্যামেরার সামনে ফিরে এতগুলো পুরস্কার পেয়ে তিনি অভিভূত। তাই কৃতজ্ঞতা জানিয়ে তিনি এদিন একটি পোস্ট করেন। 

অ্যাওয়ার্ড হাতে ধরা অবস্থায় দুটো ছবি পোস্ট করে সৌরভ চক্রবর্তী লেখেন, '৯ মাস আগে যখন সিদ্ধান্ত নিচ্ছিলাম, বেশ কয়েকবার বুক কেঁপে উঠেছিল — এই ভেবে .. ৯ বছর যে জগতের সঙ্গে আমার কোনও রকম তার জুড়ে নেই, সেই জগৎ আদৌ আমাকে ভালবেসে গ্রহণ করবে কিনা। আসলে তারটা  জুড়ে ছিল না শুধু, পুড়ে তো যায়নি, উড়েও যায়নি।' 

তিনি এদিন আরও লেখেন, 'দর্শকের এই বিপুল ভালবাসা আবার নতুন করে পাওয়ার মধ্যে যে তৃপ্তি, তা ১০০ থালা পান্তা ভাত খেয়ে ১০০ দিনের ঘুমের থেকেও হাজার গুণ বেশি। আমি কৃতজ্ঞ আমার প্রত্যেক সহশিল্পী, আমার প্রযোজক, আমার চ্যানেল, আর আমার টেকনিশিয়ান দাদা-বোনেদের কাছে। আমাদের লক্ষ্মী ঝাঁপি পরিবার আক্ষরিক অর্থেই একটি যৌথ পরিবার।' 

সৌরভ তাঁর পোস্টের শেষে সকলের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেন, 'আমাদের পারস্পরিক বোঝাপড়া যদি জুড়ে থাকার ক্ষেত্রে সুতোর ভূমিকা পালন করে, তাহলে আপনাদের— মানে দর্শকদের ভালবাসা হল সেই দমদার আঠা। ভালবাসা জারি থাক।' 

প্রসঙ্গত 'লক্ষ্মী ঝাঁপি' ধারাবাহিকটি স্টার জলসার পর্দায় নিয়মিত সম্প্রচারিত হয়। এখানে সৌরভ চক্রবর্তী এবং শুভস্মিতা মুখোপাধ্যায়কে মুখ্য ভূমিকায় দেখা যায়। তাঁদের অনস্ক্রিন জুটি দর্শকদের দারুণ পছন্দের।

লক্ষ্মী ঝাঁপি গল্পে বর্তমানে দেখানো হচ্ছে কোর্ট চত্বরে মুখোমুখি হয়েছে দীপ আর ঝাঁপি। দীপ যখন তার থেকে জানতে চায় কেন সে জেদ করে ডিভোর্স পেপারে সই করল না, ঝাঁপি জানায় কোনও মিথ্যে দোষ নিয়ে সে সংসার ছাড়বে না। বরং সে উল্টে প্রমাণ করে দেবে তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যে। কিন্তু সেখানেই ইঙ্কার এন্ট্রি হয়। সে ঝাঁপিকে জানায়, দীপের মনে ওর জন্য আর কোনও অনুভূতি নেই। তবে এই কথা শুনে দমে যায় না নায়িকা। ঝাঁপি ইঙ্কাকে পাল্টা জবাব দিয়ে জানায়, সে কিছুতেই তাকে সফল হতে দেবে না। তার শ্বশুর বাড়ি দখল করতে দেবে না। বরং সে প্রাণ দিয়ে হলেও তার ভালবাসার মানুষদের আগলে রাখবে। এমন অবস্থায় দীপ এবং ঝাঁপি একে অন্যের থেকে দূরে হেঁটে যায়, কান্নায় ভেঙে পড়ে নায়িকা। ষড়যন্ত্রের কারণে কি তবে সত্যিই ভাঙবে তাদের সংসার?