সংবাদসংস্থা মুম্বই: আজকাল প্রায়ই বিতর্কিত মন্তব্যের জেরে খবরের শিরোনামে থাকছেন প্রাক্তন বলি-অভিনেত্রী সোমি আলি। তিনি সলমন খানের প্রাক্তন প্রেমিকাও বটে। এবার ফের সলমন খানের ব্যক্তিগত জীবন নিয়ে বিস্ফোরক সোমি। এবার যেমন রাখঢাক না রেখে দাবি করলেন ঐশ্বর্যার জন্যই তাঁর ও সলমনের সম্পর্ক ভেঙে গিয়েছিল।
‘হম দিল দে চুকে সনম’ ছবির শুটিংয়ের সময় থেকেই সোমির সঙ্গে সলমনের দূরত্ব তৈরি হতে থাকে। সম্প্রতি সোমি জানিয়েছেন, ঐশ্বর্যার জন্যেই তাঁর এবং সলমনের সম্পর্ক ভাঙে। সোমি বলেছিলেন, “সলমন ও ঐশ্বর্যা ‘হম দিল দে চুকে সনম’ ছবির সময়েই প্রেমে পড়েছিলেন। এরপর সলমনের গ্যালাক্সি আবাসনের একতলার শরীরচর্চা কেন্দ্রে অ্যাশ (ঐশ্বর্যা) সলমনের শরীরচর্চা কেন্দ্রে আসতে শুরু করে।আমি তখন সলমনের সঙ্গে গ্যালাক্সিতেই থাকতাম। তখনই বুঝেছিলাম এই সম্পর্কে রং লেগেছে। অনেকদূর গড়াবে। এবং সলমনের সঙ্গে সম্পর্ক থেকে আমার সরে যাওয়ার সময় চলে এসেছে।”
এর আগেও সলমনের বিষয়ে একগুচ্ছ অভিযোগ এনেছেন তাঁর এই প্রাক্তন। কখনও জোর গলায় জানিয়েছেন সম্পর্কে থাকাকালীন তাঁকে মানসিক ও শারীরিক অত্যাচার করতেন 'টাইগার'। কখনও বা দাবি করেছেন, আট রাতে আট নারীর সঙ্গে যৌনতায় লিপ্ত হয়েছেন সলমন! একবার তো ঝাঁঝালো গলায় মন্তব্য করেছিলেন, আমেরিকার কুখ্যাত 'সিরিয়াল কিলার' টেড বানির ব্যবহারও সলমনের থেকে ভাল!
সলমনের সঙ্গে বিষ্ণোই গ্যাংয়ের বিবাদ অনেক বছরের। কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ রয়েছে সলমনের বিরুদ্ধে। সেই ঘটনার প্রতিশোধ স্বরূপই বিষ্ণোই দল তাঁকে একাধিক বার প্রাণে মারার হুমকি দিয়েছে। কিছুদিন আগে লরেন্স বিষ্ণোইকে সরাসরি 'ভাই' ডেকে তাঁকে ভিডিও কল করার বার্তা দিয়েছিলেন সোমি। জানিয়েছেন এমন কিছু তথ্য তিনি বিষ্ণোই গ্যাং-এর প্রধানকে দিতে চান যাতে লাভ হবে লরেন্সেরই!
















