দুই বন্ধু, অফিসের চাপে দু'জনেই নাজেহাল। একটু স্বাধীনতা ও শান্তি খুঁজে পাওয়ার আশায় নতুন কিছু শুরু করতে যায় তারা। কিন্তু সেখানে প্রতি পদে ঘটে বিপদ! এমন বিপাকে পড়ে তারা যে সামাল দিতে হিমসিম খেতে হয়। শেষমেশ কি সুখের ঠিকানা খুঁজে পাবে দুই ভুক্তভোগী বন্ধু? এই উত্তর নিয়ে আসছে নতুন সিরিজ 'প্লে অন'। দরশু ওটিটি অরিজিনালস-এর প্রথম গল্প হতে চলেছে এটি। 'প্লে অন'-এর মুখ্য দুই বন্ধুর চরিত্রে দেখা যাবে অভিনেতা রোহন ভট্টাচার্য ও সায়ন মুখার্জিকে। রোহন ও সায়ন ছাড়াও এই কমেডি সিরিজের অন্যান্য চরিত্রে দেখা যাবে সৈরিতি ব্যানার্জি, নেহা আমনদীপ সহ আরও বেশ কিছু পরিচিত মুখকে। নেহা আমনদীপের সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে রোহনকে। এই প্রথমবার পর্দায় জুটি হিসেবে দর্শক দেখবেন রোহন ও নেহাকে।
 
আসলে এখন বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে ওটিটি প্ল্যাটফর্মগুলো। ওটিটির ছবি, সিরিজেই এখন টান দর্শকের। উইকেন্ড হোক বা অবসরে, ওটিটি যেন প্রিয় বন্ধু হয়ে উঠেছে। বাংলার ওটিটি প্ল্যাটফর্মগুলোর রমরমা কম নয়, এবার তাদের টেক্কা দিতে এসেছে আরও এক নতুন প্ল্যাটফর্ম, 'দরশু ওটিটি'। ইতিমধ্যেই টলি তারকাদের হাত ধরে শুভরম্ভ হয়েছে এই ওটিটির। বেশ কয়েকটি সিরিজে জমে উঠেছে এই ওটিটি। তার নতুন সংযোজন এই 'প্লে অন'। পরিচালনায় অরিন্দম চক্রবর্তী।

ভরপুর কমেডির মিশেলে সিরিজের পরিচালনা করেছেন অরিন্দম চক্রবর্তী। তাঁর পরিচালনা এর আগে দর্শক বড়পর্দায় দেখেছেন। এদিকে, কমেডি ঘরানায় এর আগেও বহুবার মন জয় করেছেন রোহন ভট্টাচার্য। সিরিজ থেকে শুরু করে ধারাবাহিকে তাঁর কমিক টাইমিং নজর কেড়েছে দর্শকের। এই ঘরানায় প্রথম কাজ করতে চলেছেন সায়ন। তবে অফস্ক্রিনে রোহন-সায়ন ভাল বন্ধু বলেই পরিচিত, তাই সেই রেশ পর্দাতেও দারুণ কাজ করেছে বলে খবর। 

জানা যাচ্ছে, ইতিমধ্যেই শেষ হয়েছে সিরিজের শুটিং। আর কিছুদিনের মধ্যেই সামনে আসবে সিরিজের টিজার।