সম্প্রতি স্ক্রিনিং কমিটি একটি বৈঠকের আয়োজন করেছিল এক্সিবিটরদের সঙ্গে। সেখানে উইন্ডোজ প্রোডাকশন হাউজ ছাড়া আর কোনও প্রযোজনা সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন না। এই মিটিংয়ের শেষে ইম্পা তথা স্ক্রিনিং কমিটির সভাপতি পিয়া সেনগুপ্ত রাণা সরকারকে তাঁর একটি পোস্টের জন্য ধিক্কার জানান। এরপরই সমাজমাধ্যমে কটাক্ষ করেন রাণা। রাত পোহাতেই তিনি ইম্পাতে দেশের মতো SIR করার দাবি জানালেন। কিন্তু কেন? 

এদিন রাণা সরকার তাঁর পোস্টে লেখেন, 'ইম্পা -তে SIR দরকার। যে সমস্ত সদস্য গত তিন বছরে একটাও সিনেমা বানাননি তাঁদের সদস্য থাকার কোন যোগ্যতা নেই। শুধু মাত্র ভোট দেওয়ার জন্য এদের রাখা হয়েছে, বাংলা সিনেমার কোনও কাজে এঁরা লাগেন না।।' তিনি এদিন ক্ষোভ উগরে আরও লেখেন, 'যাঁরা নিয়মিত সিনেমা বানাবেন তাঁরাই মতামত দেওয়ার অধিকারী হবেন। বাকিদের সদস্যপদ রেখে কার স্বার্থসিদ্ধি হয় সবাই বোঝে।।' 

রাণা সরকারের মতে, 'এবার আমূল সংস্কার চাই, নাহলে বাংলা সিনেমাকে বাঁচানো যাবে না।।' 

বুধবার, ১১ মার্চের বৈঠক শেষে পিয়া সেনগুপ্ত প্রযোজক রাণা সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। নেপথ্যে রাণা সরকারের একটি পোস্ট। গোটা বিষয়টা জানিয়ে পিয়া বলেন, "এক্সিবিটরদের উদ্দেশ্য হল বন্ধ রাখা নয়। কিন্তু তাঁরা তখনই হল বন্ধ রাখেন যখন তাঁরা অপারগ হন। এই ক্রাইসিসের সময় রাণা সরকার সমাজমাধ্যমে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লেখেন, এই হল বন্ধ রাখ কারও ব্যবসায়িক সিদ্ধান্ত হতেই পারে। তার জন্য বাংলা সিনেমাকে দোষারোপ করা অর্থহীন। এর পিছনে কে আছেন? ভোটের আগে রাজনৈতিক ষড়যন্ত্র। আপনাদের কি মনে হয় যাঁরা খেতে পারছেন না তাঁরা রাজনীতি করতে যাচ্ছেন? এই ঘটনাকে ধিক্কার জানাচ্ছি।" 

তারপর রাণা সমাজমাধ্যমে লেখেন, 'স্ক্রিনিং কমিটির প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও পিয়া সেনগুপ্ত সাম্প্রতিক অতীতে যা যা পক্ষপাতিত্ব করেছেন সেটাকেও কি তীব্র ধিক্কার জানাবো নাকি ইগনোর করে দেব? যেভাবে দেবকে অপমান করা হয়েছে খুলে বলব? নাকি ইগনোর করব? যেভাবে নিজের ছেলের সিনেমা চালানোর জন্য সিনেমা হল মালিকদের থ্রেট করেছেন সেটা বলব? নাকি ইগনোর করব? স্ক্রিনিং কমিটির ভেতরের কথা বাইরে প্রকাশ করে দিচ্ছে তার দায় স্ক্রিনিং কমিটির প্রেসিডেন্টের, সেটাকে কি ধিক্কার জানাবো না ইগনোর করব?' কেবল এই দু'টো পোস্ট নয়, গতকাল রাত থেকে রাণা সরকার আরও একাধিক পোস্ট করেছেন এই বিষয়ে।