জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক 'কমলা নিবাস'। এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে দেখা যাবে দেবশঙ্কর হালদার ও সোহিনী সেনগুপ্তকে। তাঁদের দুই মেয়ের চরিত্রে থাকবেন দেবাদৃতা বসু ও সংহতি বন্দ্যোপাধ্যায়কে। গল্পে দেবাদৃতার সঙ্গে দেখা যেতে চলেছে পরমব্রতকে। এদিকে, টলিপাড়ার অন্দরের খবর সংহতির সঙ্গে নায়ক হিসেবে দেখা যাবে অভিনেতা শৌনক রায়কে। আর শৌনকের কাছের বন্ধুর চরিত্রে থাকবেন অভিনেতা রাজা বিশ্বাস। ইতিমধ্যেই শুটিং শুরু করেছেন তিনি।
রাজাকে এর আগে দর্শক বহু ধারাবাহিকে বিভিন্ন চরিত্রে দেখেছেন। বড়পর্দাতেও কাজ করেছেন তিনি। পরিচালক দুলাল দের আগামী ছবি 'ফাঁদ'-এ তাঁকে দেখা যেতে চলেছে একটি চরিত্রে। অন্যদিকে, 'কমলা নিবাস'-এও রাজা থাকবেন। জানা যাচ্ছে, এই চরিত্রটি গল্পের মোড়ে বেশ মন কাড়বে দর্শকের। জানা যাচ্ছে, এই ধারাবাহিকে আরও এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেত্রী তনুশ্রী গোস্বামীকে।
এই ধারাবাহিকের গল্প অনুযায়ী, শ্রীনিবাস গুহ এবং তাঁর স্ত্রী কমলাকে ঘিরে। শ্রীনিবাস নিছকই এক মধ্যবিত্ত মানুষ। সংসারের দায়দায়িত্ব পালন করতে করতে কখন যে তাঁর বয়স বেড়ে গিয়েছে বুঝতে পারেননি। বুঝতে পারেননি বাজারদরও কবে বেড়ে গিয়েছে। কিন্তু জীবনের এই প্রায় শেষ লগ্নে এসে দাঁড়িয়েও তাঁর একটাই স্বপ্ন, তাঁর স্ত্রী কমলার জন্য একটা বাড়ি বানিয়ে দেওয়া। নিজেদের একটা বাড়ি গড়ে তোলা। এই চরিত্রে দেখা যাবে দেবশঙ্কর হালদারকে।
অন্যদিকে ছাপোষা, সাধারণ মধ্যবিত্ত গৃহবধূ হলেন কমলা। সে পরিবারের মঙ্গল কামনা করতে মন্দিরে এসেছে পুজো দিতে। একই সঙ্গে পুরোহিতকে ৩ মেয়েদের কুষ্ঠী দিয়ে যান, ভাল পাত্র খুঁজে দেওয়ার জন্য। তাঁর একটাই স্বপ্ন, তিন মেয়েকে ভাল ঘর, বরে বিয়ে দেওয়া। মেয়েরা যেন সুখে সংসার করে। কমলার চরিত্রে দেখা যাবে সোহিনী সেনগুপ্তকে। দু'জনের স্বপ্ন দুই রকমের। কিন্তু তাও তাদের একে অপরের প্রতি ভালবাসা, টান, অমোঘ। এমন অবস্থায় দু'জনের মধ্যে কার স্বপ্ন আগে পূরণ হয় সেটাই দেখার। তবে এখনও পর্যন্ত জানানো হয়নি 'কমলা নিবাস' ধারাবাহিকটির পথ চলা কবে শুরু হবে।















