বলিউডে শোকের ছায়া। মৃত্যু হল জনপ্রিয় অভিনেত্রী নাভনিন্দ্রা বেহলের৷ তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। অভিনেত্রীর মৃত্যুর খবর জানিয়েছেন তাঁর ছেলে, চলচ্চিত্র পরিচালক কানু বেহল। 

সোশ্যাল মিডিয়ায় মায়ের একটি ছবি শেয়ার করে কানু বেহল লেখেন, তাঁর মা ছিলেন তাঁর শক্তি, পথপ্রদর্শক এবং জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা। মায়ের হাসি, আদর আর ভালোবাসা তিনি সবসময় মনে রাখবেন। 

কানু আবেগঘন বার্তায় লিখেছেন,"সাবধানে যাও মা, যতদিন না পর্যন্ত আবার আমাকে জন্ম দিচ্ছ।" 

নাভনিন্দ্রা বেহল বলিউডের বেশ কয়েকটি উল্লেখযোগ্য ছবিতে অভিনয় করেছিলেন। কঙ্গনা রানাউত অভিনীত জনপ্রিয় ছবি 'কুইন'-এ তাঁকে দেখা গিয়েছিল৷ গুলজারের পরিচালনায় মাচিস ছবিতেও অভিনয় করেন নাভনিন্দ্রা৷ দ্য প্রাইড, দ্য গুরুর মতো আন্তর্জাতিক ছবিতেও অভিনয় করেছেন নাভনিন্দ্রা।  

 অভিনয়ের পাশাপাশি থিয়েটার জগতেও তিনি ছিলেন পরিচিত নাম। খুব ছোট বয়স থেকেই মঞ্চে অভিনয় শুরু করেছিলেন নাভনিন্দ্রা বেহল। 

উল্লেখ্য, তাঁর স্বামী ছিলেন অভিনেতা ও পরিচালক ললিত বেহল, যিনি ২০২১ সালে মারা যান। অভিনেত্রীর মৃত্যুতে বলিউডের একাধিক তারকা এবং  নির্মাতা শোকপ্রকাশ করেছেন।