স্টার জলসায় আসছে ফের নতুন ধারাবাহিক। জলসার আসন্ন এই ধারাবাহিকের নাম 'বাবলি সুন্দরী'। এই ধারাবাহিকে নায়িকার চরিত্রে দেখা যেতে চলেছে নবাগতা স্নেহা গুড়িয়াকে। তাঁকে ডান্স বাংলা ডান্স রিয়্যালিটি শো-এ দেখা গিয়েছিল প্রতিযোগী হিসেবে। এছাড়াও কয়েকটি ধারাবাহিকে পার্শ্বচরিত্রে ছিলেন তিনি। তবে নায়িকার চরিত্রে এই প্রথমবার দর্শক দেখবেন স্নেহাকে। গল্পে নায়িকা যেমন আছেন, তেমন খল নায়িকাও থাকবেন।
সূত্রের খবর, 'বাবলি সুন্দরী'তে খল নায়িকার চরিত্রে দেখা যেতে চলেছে অভিনেত্রী প্রিয়াঙ্কা ব্যানার্জিকে। এর আগে তাঁকে স্টার জলসার ধারাবাহিক 'কথা'য় 'অর্না'র চরিত্রে দেখেছিলেন দর্শক। আর এবার এই ধারাবাহিকের মুখ্য খলনায়িকা হয়ে আসছেন তিনি।
ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এই ধারাবাহিকের প্রথম প্রোমো। প্রথম ঝলকেই স্পষ্ট 'বাবলি সুন্দরী' বাকি সমস্ত ধারাবাহিকের তুলনায় বেশ আলাদা হতে চলেছে। প্রোমোয় দেখা যাচ্ছে একটি মেয়ে শাড়ি পরে, মাথায় চিপচিপে করে তেল দিয়ে বেণী বেঁধে একটি পুতুলের মুখোশ পরে গ্রামের একটি মেলায় ঢুকছে। আর নেপথ্যে তাঁর পরিচয় দিয়ে জানানো হচ্ছে, এই মেয়েটি হাস্যরস, কৌতুক শিল্পী। শুধু তাই নয়, মেয়েটি নাকি বিশ্ব সুন্দরী। কিন্তু একি মুখোশ খুলতেই সব ভোঁ ভাঁ!
মেয়েটি মুখোশ সরাতেই দেখা যায় তার চোখে মোটা ফ্রেমের চশমা, সামনের দাঁত দুটো খরগোশের মতো উঁচু। তাঁর এই ভয়াবহ চেহারা নিয়ে দর্শকরা কথা বলা শুরু করে। মেয়েটি তাতে দমে যায় না, বরং নিজের চেহারা নিয়েই মজা করে সকলকে হাসায়। এই মেয়েটিই বাবলি সুন্দরী।
গল্পের নায়ক হানি বাফনা। 'বাবলি সুন্দরী' ধারাবাহিকে একজন সিঙ্গল ফাদার হিসেবে দেখা যাবে। তাঁর বিপরীতে, তাঁর প্রথম স্ত্রী হিসেবে থাকবেন অমৃতা দেবনাথ। আর শ্রীনিকা ঘোষালকে দেখা যাবে নায়কের মেয়ের ভূমিকায়। তবে স্নেহা গুড়িয়ার চরিত্রের সঙ্গে হানি বাফনার কীভাবে আলাপ হবে, দুটো চরিত্র কীভাবে কাছাকাছি আসে সেটাই দেখার। এই প্রোমোতে হানি বাফনাকে দেখা যায়নি। ফলে স্পষ্ট নয়, তাঁর চরিত্রটা কেমন হতে চলেছে।
প্রসঙ্গত, ধারাবাহিকের প্রোমো প্রকাশ্যে এলেও শুরুর দিন বা স্লট কিছু ঘোষণা করা হয়নি। তবে এই মেগা আসায় অন্য কোন ধারাবাহিকের কপাল পোড়ে সেটাই দেখার।















