বলিউডে ফের দুঃসংবাদ! অভিনেতা তথা গায়ক প্রশান্ত তামাং-এর অকাল মৃত্যুতে বড়সড় ধাক্কা খেল সলমন খানের আসন্ন ছবি 'মাতৃভূমি'। এপ্রিলের শুরুতে মুক্তি পাওয়ার কথা থাকলেও, এখন ছবিটির মুক্তি অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে।
'ইন্ডিয়ান আইডল সিজন ৩'-এর বিজেতা প্রশান্ত তামাং এই ছবিতে প্রধান ভিলেনের চরিত্রে অভিনয় করছিলেন। সূত্রের খবর, ছবির সিংহভাগ কাজ শেষ হয়ে গেলেও কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং বাকি ছিল। গত জানুয়ারিতে প্রশান্তর আকস্মিক মৃত্যুতে সেই পরিকল্পনা এখন বিশৃঙ্খলার মুখে। প্রশান্ত ছাড়া ওই অ্যাকশন দৃশ্যগুলো সম্পন্ন করা নির্মাতাদের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
পরিচালক অপূর্ব লাখিয়া এবং প্রযোজনা সংস্থা এখন এক কঠিন পরিস্থিতির সম্মুখীন। শুরুতে প্রশান্তর অংশগুলো অন্য কাউকে দিয়ে আবারও শুট করার কথা ভাবা হলেও, তা বিশাল খরচ এবং লজিস্টিক সমস্যার কারণে সম্ভব হচ্ছে না। বিশেষ করে ছবির অ্যাকশন দৃশ্যগুলো প্রশান্তর সঙ্গে অনেক আগেই কোরিওগ্রাফ করা হয়েছিল।
এখন বিকল্প হিসেবে নির্মাতারা দু’টি রাস্তার কথা ভাবছেন। যেমনড় ‘শর্মা জি নমকিন’ ছবিতে ঋষি কাপুরের ক্ষেত্রে পরেশ রাওয়ালকে দিয়ে যেভাবে চরিত্রটি শেষ করা হয়েছিল। অথবা এআই এবং ভিএফএক্সের মাধ্যমে প্রশান্তর মুখ বসিয়ে ক্যামিও শুট করা। তবে প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে তাঁর পরিবারের সম্মতির প্রয়োজন।
সলমন খানের ব্যস্ত শিডিউল এবং লুকের ধারাবাহিকতা বজায় রাখাটাও এখন বড় চিন্তার বিষয়। আপাতত চলতি মাসের শেষে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। শোনা যাচ্ছে, এপ্রিলের বদলে এখন ১৫ই আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসে ছবিটিকে মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।
উল্লেখ্য, ‘মাতৃভূমি’ ছবিটি ২০২০ সালের গলওয়ান উপত্যকায় ভারত-চীন সংঘর্ষের পটভূমিতে তৈরি। ছবিটির ট্যাগলাইন রাখা হয়েছে 'মে ওয়ার রেস্ট ইন পিস'। প্রথমে ছবির নাম 'দ্য ব্যাটল অফ গলওয়ান' ছিল পরে তা 'মাতৃভূমি' হয়। এই ছবিতে সলমন খানের বিপরীতে দেখা যাবে চিত্রাঙ্গদা সিংকে।
