নিজস্ব সংবাদদাতা: যার শেষ ভাল তার সব ভাল। কিন্তু বছরে শেষে বিশেষ করে জন্মদিনে হাসপাতালে কাটাতে হল সাহেব চট্টোপাধ্যায়কে। ফলে, এই প্রবাদ অভিনেতার পক্ষে একেবারেই যুৎসই হল‌ না।

চলতি বছরে একাধিক প্রিয়জনকে হারানোর পাশাপাশি নানা খারাপ সময়ের মুহূর্তের মধ্যে দিয়ে চলছেন সাহেব চট্টোপাধ্যায়। যদিও কাজের ক্ষেত্রে বলিউডে অভিনয়ের মাধ্যমে দ্বিতীয় ইনিংস শুরু করেছেন সাহেব। তবে বছরের শেষ দিনগুলো একেবারেই ভাল কাটাতে পারলেন না তিনি। 

২৭ ডিসেম্বর জন্মদিনের কয়েক ঘন্টা আগে হাসপাতালের বিছানায় শুয়ে একটি ছবি পোস্ট করে সামাজিক মাধ্যমে সাহেব লেখেন, " বন্ধুরা শারীরিক অসুস্থতার কারণে ২৫ ডিসেম্বর আমাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। তাই ২৬ ও ২৮ তারিখ আমার যে শো করার কথা ছিল তা আর করা হল না। সেই কারণে অনুষ্ঠানের আয়োজক এবং দর্শকের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আশা করি, সকলে আমার অবস্থা বুঝতে পারবেন। এছড়াও যাঁরা আমায় জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানাতে ফোন করেছিলেন, হাসপাতালে থাকার কারণে আমি কারওর সঙ্গে কথা বলতে পারছি না। তবে মন থেকে তাঁদের সকলকে ধন্যবাদ জানাই।" তিনি আরও জানান, এই প্রথম জন্মদিন তিনি তাঁর মা'কে ছাড়া কাটালেন। সেই মনখারাপের কথা ব্যক্ত করে নিজের পোষ্যদের যে তিনি চোখে হারাচ্ছেন সেকথাও উল্লেখ করতে ভোলেননি সাহেব।

 

তবে ঠিক কি অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি সাহেব, তা যদিও এখনও জানা যায়নি। কিছুদিন আগেই কলকাতা শহরে এবং মুম্বাইতে মাধবনের সঙ্গে একটি হিন্দি ছবির শুটিং সেরেছেন অভিনেতা। এরপর হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তিনি, যদিও আগের থেকে এখন ভাল আছেন সাহেব। সাহেব চট্টোপাধ্যায়ের এই পোস্ট দেখার পর থেকেই নেটিজেনদের পাশাপাশি চিন্তিত হয়ে পড়েছেন টলিউডের একাধিক তারকারা। শীঘ্রই সুস্থ হয়ে বাড়ি ফিরুক সাহেব চট্টোপাধ্যায়, বছর শেষে এই শুভ কামনা করেছেন সকলে।