শুক্রবার, ২২ মে ইম্পার বৈঠক ছিল। কিন্তু সেখানে মাঝপথে বৈঠক ছেড়ে রাগত অবস্থায় বেরিয়ে আসেন এই সংগঠনের সভাপতি পিয়া সেনগুপ্ত। তিনি বেরিয়েই জানান তাঁর দিকে তেড়ে আসা হয়েছে। তিনি থানায় যাচ্ছেন। ঠিক কী ঘটেছে? 

পিয়া সেনগুপ্ত এদিন মিটিং থেকে বেরিয়ে এসেই সাংবাদিকের বলেন, "ভিতরে পিআরের লোক, বাইরের লোক ঢুকিয়েছে। পুলিশের সামনে এক ভদ্রলোক তেড়ে আসেন। কী করে মিটিং করব?" তাঁর আরও সংযোজন, "এটা কি কোনও তৃণমূল বা বিজেপি বা সিপিআইএমের পার্টি অফিস? বাইরে থেকে লোক এনে হাঙ্গামা করবে?" তিনি এদিন প্রকাশ্যে, সকলের সামনে বারবার প্রযোজক অতনু রায়ের নামে অভিযোগ করতে থাকেন। প্রযোজক তথা ডিস্ট্রিবিউটর শতদীপ সাহা তাঁর সঙ্গে কথা বলতে এলেও তিনি তাতে রাজি হন না। 

সূত্রের খবর প্রথমে থানায় গিয়ে অভিযোগ জানানোর কথা বললে পরবর্তীতে সেই সিদ্ধান্ত বদলান পিয়া সেনগুপ্ত। তিনি এদিন সাংবাদিকদের কাছে স্পষ্ট করে জানিয়ে দেন ইম্পার আজকের বৈঠকে নন মেম্বার অনেকে আছেন, তাঁদের তিনি রাখতে চান না মিটিংয়ে। পিয়া চান কেবল সদস্যরাই যেন থাকেন। তাঁর দাবি, বাইরের লোক নিয়ে এসেছেন কিছু প্রযোজক, পরিচালক। তাঁদের তিনি মিটিংয়ে রাখতে চান না। এরপর তাঁর দিকে তেড়ে আসা হলে তিনি মিটিং ছেড়ে বেরিয়ে আসেন বলেই জানিয়েছেন। 

বর্তমানে পুলিশের উপস্থিতিতে পুনরায় মিটিং শুরু হয়েছে। কী সিদ্ধান্ত নেওয়া হল সেখানে, সমস্যার সুরাহা হল নাকি অচলাবস্থা এখনও কাটল না সেই দিকেই নজর থাকবে সকলের।