বর্ষীয়ান অভিনেত্রী নীনা গুপ্ত বরাবরই ঠোঁটকাটা বলে পরিচিত। সেই সঙ্গে নিজের জীবনের সিদ্ধান্তগুলো নিয়ে ভীষণ খোলামেলা তিনি। তাঁর আত্মজীবনী ‘সচ কহুঁ তো’-তে জীবনের এক কঠিন সময়ের কথা ভাগ করেছেন তিনি। নীনা সেখানে লিখেছেন, 'আমার সন্তান জন্মের সময় যখন এগিয়ে আসছিল, আমি বেশ দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম কারণ আমার অ্যাকাউন্টে টাকা খুব কম ছিল। আমি 'ন্যাচারাল ডেলিভারি'র খরচটুকু বহন করতে পারতাম, কারণ সে সময়ে তার খরচ ছিল মাত্র ২,০০০ টাকা। কিন্তু আমি জানতাম, যদি সিজার অর্থাৎ সি-সেকশন করতে হয়, তবে আমি বিপদে পড়ে যাব; কারণ সেই অস্ত্রোপচারের খরচ ছিল প্রায় ১০,০০০ টাকা। ভাগ্য ভাল যে, ডেলিভারির ঠিক কয়েক দিন আগেই আমি ৯,০০০ টাকার একটি ট্যাক্স 'রিইম্বার্সমেন্ট' পাই। সব মিলিয়ে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তখন ১২,০০০ টাকা জমা হয়।'
তিনি বলেন, 'টাকাটা হাতে আসা খুব দরকার ছিল, কারণ আমার ডাক্তার জানিয়েছিলেন যে আমার সিজার করতেই হবে। আমার বাবা সেই সময় প্রসবের সময় পাশে থাকার জন্য এসেছিলেন। ডাক্তার সিজারের কথা বলায় তিনি ভীষণ রেগে গিয়েছিলেন। বাবার ধারণা ছিল, এটা আমাদের কাছ থেকে বেশি টাকা হাতানোর একটা ফন্দি মাত্র।' নীনা জানান, এরপর সুস্থভাবে তাঁর কন্যা মাসাবার জন্ম হয়।
প্রসঙ্গত, নারী স্বাধীনতা ও পুরুষতান্ত্রিকতার লক্ষ্মণগণ্ডির বাইরে পা রেখে স্পষ্ট বক্তা হিসেবে বরাবরই চর্চিত নীনা। কিছুদিন আগেও নতুন করে চর্চায় উঠে এসেছেন নীনা। ৬৬ বছর বয়সে তিনি নাকি গর্ভবতী! সমাজমাধ্যম জুড়ে দেখা দিয়েছিল এমনই জল্পনা। শেষ পর্যন্ত এই গুজব নিয়ে নিজেই মুখ খুলেছেন অভিনেত্রী। ঘটনার সূত্রপাত, বিজয় দেবরকোণ্ডা এবং রশ্মিকা মন্দানার রিসেপশনে। সেখানে স্বামী বিবেক মেহরার সঙ্গে হাজির হয়েছিলেন নীনা। সেই অনুষ্ঠানে তিনি আইভরি রঙের সিল্কের শাড়ি এবং ম্যাচিং হল্টার নেক ব্লাউজ পড়েছিলেন। 'ভিরোশ'-এর রিসেপশনের তোলা ছবিতে নাকি নীনার স্ফীতোদর বোঝা যাচ্ছে, এমনই গুজব রটে। পেটে হাত রেখে ছবি তুলেছেন অভিনেত্রী। যা দেখে অনেকেই অনুমান করেন, তবে কি অভিনেত্রী গর্ভবতী?
এই গুঞ্জন নিয়ে নীনা বলেছিলেন, “বাস্তব জীবনে একটা ‘বাধাই হো’ হলেই তো ভাল হতো!” উল্লেখ্য, ২০১৮ সালের জনপ্রিয় ছবি 'বাধাই হো'-তে তিনি এমন এক মহিলার চরিত্রে অভিনয় করেছিলেন, যিনি অনেক বয়সে গর্ভবতী হন। নিজের ছবির রেশ ধরেই মজার ছলে উত্তন দেন নীনা।
এরপরই তিনি স্পষ্ট জানিয়েছিলেন যে এই খবর পুরোপুরি ভুয়ো। অভিনেত্রীর কথায়, তিনি মোটেও গর্ভবতী নন। সেই অনুষ্ঠানে তিনি যে শাড়িটি পরেছিলেন, তার কাপড় বেশ মোটা ছিল। সেই কারণেই ছবিতে তাঁকে একটু ভারী বা তাঁর পেটের দিকে ফোলা লাগছিল। নীনা গুপ্ত আরও বলেন, এই ধরনের আলোচনা তাঁকে বিরক্ত করেনি। বরং তিনি বিষয়টিকে হাস্যরসের সঙ্গেই দেখেছেন। তাঁর কথায়, "আমার বয়সে দাঁড়িয়ে এমন ভাবনাচিন্তা দেখে ভাল লাগছে। দেশ যে এগোচ্ছে তা বোঝা যাচ্ছে।"
