'মিলন হবে কতদিনে' ধারাবাহিকের গল্প জমে উঠেছে। মৈনাকের ষড়যন্ত্র এবং আসল চেহারা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে এলার কাছে। আর তার মাঝেই বন্ধুকে খুনের পরিকল্পনা করে ফেলল খলনায়ক! মহাশিবরাত্রির দিনই কি শেষ হয়ে যাবে গোরা?
সম্প্রতি চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'মিলন হবে কতদিনে' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে এলা মৈনাকের মুখোমুখি হয়েছে। সে জানাচ্ছে মৈনাকের আসল রূপ, তার সমস্ত ষড়যন্ত্র সবটা ফাঁস করে দেবে গোরার কাছে। আসল চেহারা সামনে আনবে। তখনই মৈনাক জানায় গোরা তখনই জানবে যখন সে গন্তব্যে পৌঁছবে। কারণ সে আগেই পরিকল্পনা ছকে রেখেছে গোরাকে হত্যা করার।
প্রোমোতে দেখা যাচ্ছে, শিবরাত্রির দিন এলা মন্দিরে গোরার জন্য অপেক্ষারত। এদিকে গোরা যখন গাড়ি নিয়ে বেরিয়েছে তার গাড়ির ব্রেক কাজ করে না। মৈনাক তখনই বলে ওঠে, আজ কি গোরা বাঁচবে নাকি মরবে? এখানেই প্রশ্ন উঠছে,শিবরাত্রির দিনই কি তবে শেষ হবে গোরা? নাকি স্বামীকে বাঁচাতে পারবে এলা? কোন নতুন বাঁক আসছে এই গল্পে? উত্তর আগামী পর্বে পাওয়া যাবে।
এদিন এই ধারাবাহিকের আরও একটি প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে গোরার দিদি একটি ট্রলি নিয়ে যাচ্ছে। যখন সবাই তাকে আটকায়, সে জানায় এতে নাকি জামা আছে যা সে ডিজাইনারের কাছে দেবে। কিন্তু এলা তার প্রতিবাদ করে এবং জোর করে ব্যাগ খোলায়। দেখে তাতে ভর্তি সোনার গয়না। এটা দেখে এলা স্বামীর কাছে জানতে চায় তার লকারের পাসওয়ার্ড আর কে জানে? গোরা মৈনাকের নাম করে। তবে এভাবেই কি এলা এক এক করে মৈনাকের সমস্ত ষড়যন্ত্র ধরে ফেলবে? নাকি ফের নিজেকে বাঁচিয়ে নেবে খলনায়ক? উত্তর আগামীতে পাওয়া যাবে।
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, 'গাঁটছড়া' ধারাবাহিকে প্রথমবার জুটি বেঁধেছিলেন গৌরব চট্টোপাধ্যায় এবং শোলাঙ্কি রায়। সেই থেকেই দারুণ সাড়া ফেলে তাঁদের 'খড়িদ্ধি' জুটির অনস্ক্রিন রসায়ন। ধারাবাহিক শেষ হওয়ার পর এই জুটি ফেরানোর দাবি জানায় দর্শক। সেই কথা মেনে 'মিলন হবে কতদিনে' ধারাবাহিকে আবারও দেখা যাচ্ছে এই জুটিকে। স্টার জলসার পর্দায় নিয়মিত সম্প্রচার হয় মিলন হবে কতদিনে। এটি রোজ রাত সাড়ে ৯টা থেকে দেখা যায়।
