স্টার জলসার ধারাবাহিক 'কুমকুম' সবেমাত্র শুরু হয়েছে। এর মধ্যেই দর্শকের মন জয় করেছে এই ধারাবাহিক। মেগার মুখ্য জুটি আদৃত রায় ও অনুষ্কাকেও বেশ পছন্দ করছেন দর্শক। গল্পে দেখানো হচ্ছে অসহায় কুমকুমের প্রতি একটু একটু করে মায়া জন্মাচ্ছে ঈশানের।
ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, রবি ও শাঁওলির বাগদানের আয়োজন করা হয়েছে। ধুমধাম করে চলছে সেই অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানে নিজের হাতে কাঁথা স্টিচের ডিজাইনে একজোড়া জুতো তৈরি করে এনেছে কুমকুম। ঈশানের ঠাম্মি তাকে জানায়, সে যেন নিজের হাতে এই উপহারটা নবদম্পতিকে দেয়।
কুমকুম যেই অনুষ্ঠানে ঢুকতে যায়, তখনই ঈশানের মা তাকে বলে, বিধবা হয়ে সে এই শুভ অনুষ্ঠানে কেন আসছে? কুমকুম এলে তার মেয়ের বিয়ে নষ্ট হয়ে যাবে। এই কথা শুনে মনে আঘাত পায় কুমকুম। কিন্তু ঈশান তার পাশে এসে দাঁড়ায়। মায়ের কথায় প্রতিবাদ করে বলে, এসব কুসংস্কার নিয়ে আজকের যুগে থাকা উচিত নয়। কুমকুমকে খাবারের জায়গায় নিয়ে গিয়ে ফিসফ্রাই খেতে বলে। কিন্তু কুমকুম জানায়, সে তো বিধবা তাই মাছ খায় না। ঈশান তখন তাকে বলে, বাবা-মা মাছ খাওয়া শিখিয়েছিল, তারা মারা গেলে মাছ খাওয়া গেলে স্বামী মারা গেলে মাছ খেতে কী দোষ?
ঈশানের কথার জবাব দিতে পারে না কুমকুম। কিন্তু মনে মনে কথাটা গেঁথে যায়। বুঝতে পারে কেউ তার কথা না ভাবলেও ঈশান ঠিকই ভাবে। এভাবেই কি একটু একটু করে কাছাকাছি আসবে নায়ক-নায়িকা? কী হতে চলেছে ধারাবাহিকের আগামী পর্বে? প্রোমো দেখে দর্শকের মনে কৌতূহল আরও বেড়েছে।















