১৫ মার্চ আলিয়া ভাটের জন্মদিন। এদিন অভিনেত্রী ৩৩ বছরে পা দিলেন। এই বছরের জন্মদিনটি তিনি তাঁর পরিবারের সঙ্গে হংকংয়ে কাটাচ্ছেন। আর বিদেশের মাটিতে বসেই ননদ করিনা কাপুর খানের থেকে পেলেন শুভেচ্ছা বার্তা।
রবিবার করিনা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে আলিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করেন। সেখানে তাঁদের দুজনকেই সাবেকি পোশাকে দেখা যাচ্ছে। এই ছবিটির সঙ্গে বেবো যে বার্তাটি লিখেছেন আলিয়ার জন্য সেটা সকলের মন জয় করে নিয়েছে।
ঠিক কী লিখেছেন করিনা তাঁর ভাইয়ের বউয়ের জন্য? অভিনেত্রী এদিন তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, 'শুভ জন্মদিন পছন্দের মানুষ। তুমি সোনার মতো খাঁটি। অনেক ভালবাসি তোমায়।'

কেবল করিনা কাপুর খান নন। এদিন আলিয়ার জন্মদিনে উপলক্ষ্যে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর মা সোনি রাজদান, দিদি শাহিন ভাট, ননদ ঋদ্ধিমা কাপুর, প্রমুখ।
আলিয়া ভাটের মা সোনি রাজদান এদিন অভিনেত্রীর একগুচ্ছ ছবি পোস্ট করেন সমাজমাধ্যমে। সঙ্গে লেখেন, 'শুভ জন্মদিন আমার জীবনের বিশেষ মেয়েটা। আমার ছোট্ট মেয়ে, আমাদের জীবন। তুমি সবথেকে ভাল, বিনয়ী। সবসময়ই এমন ছিলে। ওরা বলে জীবনে সেটাই পাও যা অন্যদের দাও। তাই হয়ত তোমার জীবনে তুমি এত ভালবাসা পেয়েছ। আমাদের সবাইকে অনুপ্রেরণা জোগাতে থাকো। অনেক ভালবাসি।'
আলিয়ার দিদি শাহিন ভাট লেখেন, 'আমার নোঙর, আমার আজীবনের সহষড়যন্ত্রকারী। তুমি সব ভাল জিনিস দিয়ে তৈরি আমি জানি। শুভ জন্মদিন আমার হৃদয়।' তিনিও এদিন বোনের সঙ্গে একগুচ্ছ আদুরে ছবি শেয়ার করেছেন।
আলিয়ার ননদ ঋদ্ধিমা কাপুরও এদিন অভিনেত্রীর জন্য একটি আবেগঘন বার্তা লেখেন। তাঁদের একটি মিষ্টি ছবি পোস্ট করে লেখেন, 'শুভ জন্মদিন আমার আলু পাই। অনেক ভালবাসি।'

প্রসঙ্গত, ১৯৯৩ সালের ১৫ মার্চ জন্মগ্রহণ করেন আলিয়া ভাট। মহেশ ভাট এবং সোনি রাজদানের কন্যা তিনি। ২০২২ সালে রণবীর কাপুরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন। সেই বছরই ভূমিষ্ট হয় তাঁদের মেয়ে রাহা। বর্তমানে স্বামী সন্তান নিয়ে তাঁর সুখের সংসার। সঙ্গে দাপিয়ে কাজ করছেন। এই বছরই মুক্তি পাচ্ছে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের প্রথম মহিলা স্পাইকেন্দ্রিক ছবি 'আলফা'। সেখানে মুখ্য ভূমিকায় থাকবেন আলিয়া। এছাড়া তাঁর হাতে আছে 'লাভ অ্যান্ড ওয়ার'। সঞ্জয় লীলা বনশালির সেই ছবিতে তাঁর সঙ্গে থাকবেন রণবীর কাপুর এবং ভিকি কৌশল।
