সংবাদসংস্থা, মুম্বই: অমিতাভ বচ্চন, প্রভাস এবং দীপিকা পাড়ুকোন অভিনীত বহুল প্রত্যাশিত ছবি "কল্কি ২৮৯৮ এডি"-র মুক্তি পিছিয়ে গেল. নির্মাতারা নতুন মুক্তির তারিখ ঘোষণা করেছেন। প্রভাস, ইনস্টাগ্রামে ছবি মুক্তির তারিখ ঘোষণার সঙ্গে তাঁর ফার্স্ট লুক প্রকাশ্যে এনেছেন। শুক্রবার, বর্ষীয়ান অভিনেতা অমিতাভও সেই একই ছবি পোস্ট করেছেন। পোস্টারটি শেয়ার করে তিনি লিখেছেন, " কাউন্টডাউন শুরু হয়েছে! "কল্কি ২৮৯৮ এডি" বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ৯ মে, ২০২৪।"
ছবিটি, ১২ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল প্রথমে। নতুন তারিখ ৯ মে। বারাণসী, মুম্বই, দিল্লি, চণ্ডীগড়, চেন্নাই, মাদুরাই, হায়দ্রাবাদ, বিশাখাপত্তনম, গুন্টুর, ভীমাভারম, কাশ্মীর সহ ভারতের একাধিক শহর জুড়ে ছবির প্রচার চলাকালীন নির্মাতারা মুক্তির নতুন তারিখ ঘোষণা করেন।
ছবিটিতে কমল হাসান এবং দিশা পাটানিকেও দেখা যাবে বিশেষ ভূমিকায়। বৈজয়ন্তী মুভিজের প্রতিষ্ঠাতা এবং প্রযোজক সি. অশ্বিনী দত্ত ছবি মুক্তির নতুন তারিখ উপলক্ষে জানিয়েছেন, বৈজয়ন্তী মুভিজ তার ৫০তম বর্ষ উদযাপন করছে। সেই জন্যেই ৯ই মে দিনটি প্রাসঙ্গিক ছবি মুক্তির জন্য। শুধু তাই নয়, এই প্রযোজনা সংস্থা থেকে এই একই তারিখে যে কয়েকটা ছবি মুক্তি পেয়েছিল সবকটাই ব্লকব্লাস্টার। আইকনিক "জগদেকা ভিরুদু আথিলোকা সুন্দরী", পুরস্কার জয়ী "মহনতি" এবং "মহর্ষি"-সবকটিই ইতিহাস গড়েছে। "কল্কি ২৮৯৮ এডি" ছবিতে এই প্রথম অমিতাভ বচ্চন, প্রভাস, কমল হাসান এবং দীপিকা পাড়ুকোনের মতো প্রতিভাধর শিল্পীরা একত্রিত হয়েছেন। সেই জন্যেই নির্মাতাদের কাছে তারিখটি গুরুত্বপূর্ণ।