কোর্টরুমে আবারও শুরু হতে চলেছে মজা, ব্যঙ্গ আর তীব্র টানাপোড়েন। বুধবার প্রকাশ্যে এল বহুল প্রতীক্ষিত 'জলি এলএলবি ৩'–এর ট্রেলার। মুখোমুখি এবার দুই ‘জলি’—অক্ষয় কুমার ও আরশাদ ওয়ার্সি। আর সঙ্গে রয়েছেন চিরচেনা বিচারপতি সৌরভ শুক্লা, যিনি আবারও নিজের ধৈর্য হারাতে হারাতে দর্শকদের হাসির রসদ জোগালেন।

 

 

তিন মিনিটের এই ট্রেলারের ঝলকে দেখা গেল চেনা কোর্টরুমের কৌতুক-ঝড়। তবে হাসি–ঠাট্টার আড়ালে লুকিয়ে রয়েছে তীক্ষ্ণ সামাজিক সুর—এক কৃষকের সঙ্গে ক্ষমতাশালী রাজনীতিকের লড়াই। নৈতিকতা বনাম ফাঁকফোকরের খেলায় কে জিতবে, সেই দড়ি টানাটানি নিয়েই তৈরি হয়েছে ছবির কেন্দ্রবিন্দু।

 

অক্ষয়ের চরিত্রকে দেখা যাচ্ছে জটিল মামলায় ভুল দিক বেছে নিয়ে সমস্যায় পড়তে। আর সেই ভুল থেকে শুরু হয় ধাপে ধাপে কোর্টরুমে তর্ক-বিতর্ক, চ্যালেঞ্জ আর ঝগড়াঝাঁটি। দুই জলি যখন একে অপরের সঙ্গে বুদ্ধি আর যুক্তির লড়াই চালাচ্ছেন, বিচারপতির ধৈর্য ভাঙছে মুহূর্তে মুহূর্তে।

 

 

ট্রেলার প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে ভেসে যাচ্ছে উচ্ছ্বাস। কারও মতে—“ এ ছবি পুরোনো জলি-ভাইবস ফিরিয়ে এনেছে, আবার নতুন এনার্জিও আছে।” আরেকজন লিখেছেন—“ক্লাসিক মিশ্রণ, হাসি, কোর্টরুম ড্রামা আর শক্তিশালী সব সংলাপ।”

 

তবে অনেকেই লক্ষ্য করেছেন, আগের ছবিগুলির কাঁচা, রাফ ভাবটা এবার কিছুটা মসৃণ ও নিখুঁত প্রোডাকশনের ছাপে ঢাকা পড়েছে। তা সত্ত্বেও, অক্ষয়–আরশাদ–সৌরভের ত্রয়ী দর্শকদের প্রত্যাশা বাড়িয়ে তুলেছে বহুগুণ।

 

 

অক্ষয় কুমার ও আরশাদ ওয়ার্সির পাশাপাশি এ ছবিতে থাকছেন হুমা কুরেশি, অমৃতা রাও, গজরাজ রাও ও সীমা বিশ্বাসের মতো অভিনেতা-অভিনেত্রীরা। ফলে এই কোর্টরুম ড্রামা যে আরও রঙিন ও সমৃদ্ধ হতে চলেছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

 

 

সুভাষ কাপুর পরিচালিত 'জলি এলএলবি ৩' মুক্তি পেতে চলেছে আগামী ১৯ সেপ্টেম্বর, ২০২৫–এ। সমাজকেন্দ্রিক গল্প, মজার সংলাপ, চূড়ান্ত ড্রামা আর কৌতুকের প্যাকেজে এবার আদালতের হাজির দুই জলি—অক্ষয় এবং আরশাদ।

 

শেষমেশ জিতবে কোন জলি? সে জবাব অবশ্য পাওয়া যাবে বড়পর্দায়।