'সিঙ্গেল ফাদার'-এর গল্প বলতে ছোটপর্দায় ফিরছেন অভিনেতা হানি বাফনা। হানি যে নতুন চরিত্রে আসছেন, সেই খবর আগেই ছড়িয়েছিল টলিপাড়ার অন্দরে। ধারাবাহিকের নাম 'বাবলি সুন্দরী'। স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হবে একজন বাবা ও তার মেয়ের মিষ্টি গল্প। ধারাবাহিকে হানির মেয়ের চরিত্রে দেখা যাবে খুদে অভিনেত্রী শ্রীনিকা ঘোষালকের। এর আগে দর্শক শ্রীনিকাকে 'কথা', 'আনন্দী'র মতো বিভিন্ন ধারাবাহিকে দেখেছেন। সোশ্যাল মিডিয়াতেও শ্রীনিকা বেশ জনপ্রিয় মুখ। এই খুদেরও দারুণ ফ্যান ফলোয়িং রয়েছে।
হানির বিপরীতে দেখা যেতে চলেছে নবাগতা অভিনেত্রী স্নেহা গুড়িয়াকে। জি বাংলার রিয়্যালিটি শো 'ডান্স বাংলা ডান্স'-এর মঞ্চ থেকে তাঁর পরিচিতি। স্নেহাকে এর আগে দর্শক দেখেছেন কয়েকটি ধারাবাহিকের পার্শ্ব চরিত্রে। এই প্রথমবার ছোটপর্দার নায়িকা হিসেবে ধরা দিতে চলেছেন তিনি। টলিউডের অন্দরের খবর, ইতিমধ্যেই প্রোমো শুটিং হয়ে গিয়েছে এই মেগার।
গল্প অনুযায়ী স্ত্রীর অকালমৃত্যুর পর একা হাতে মেয়েকে সামলাচ্ছে বাবা। মেয়ের আবদার, মেয়ের মন খারাপ, সবকিছুকে সামলাতে গিয়ে নাজেহাল। কিন্তু হাল ছাড়ছে না সে। মেয়েকে আদর-যত্নে বড় করে তোলাই তার একমাত্র লক্ষ্য। কিন্তু তার সাদামাটা জীবনে হঠাৎই লাগে রঙের ছোঁয়া। জীবনে আসে প্রেম। নায়ক-নায়িকার মিষ্টি বন্ধনে জমে উঠবে গল্প। এখানে উল্লেখ্য, হানির প্রথম স্ত্রীর চরিত্রে দেখা যাবে অভিনেত্রী অমৃতা দেবনাথকে।
এই ধারাবাহিকে প্রথমবার স্নেহা ও হানির জুটিকে দেখবেন দর্শক। নতুন নায়িকার সঙ্গে আগেও জুটি বাঁধতে দেখা গিয়েছিল হানিকে। এবার তাঁদের কেমিস্ট্রি কেমন জমে সেটাই দেখার।
প্রসঙ্গত, হানি বাফনাকে দর্শক শেষবার দেখেছিলেন স্টার জলসার ধারাবাহিক 'শুভ বিবাহ'তে। ছোটপর্দায় বহু বছর ধরে নিজের পরিচিতি গড়ে তুলেছেন হানি। শুধু তাই নয়, ওটিটির পর্দায়ও চুটিয়ে অভিনয় করেন তিনি। ওটিটিতে দর্শক তাঁকে শেষ দেখেছিলেন হইচই-এর ওয়েব সিরিজ 'অনুসন্ধান'-এ অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির বিপরীতে।















