নতুন মোড় আসছে স্টার জলসার ধারাবাহিক 'মিলন হবে কতদিনে'তে। গোরা ও এলার জীবনে আগে থেকেই তৃতীয় ব্যক্তি হিসেবে ছিল মৈনাক। এই চরিত্রে অভিনয় করছেন কৌশিক রায়। তবে এবার শুধু মৈনাক নয়, গোরা-এলার জীবনে আসছে আরও এক শত্রু! এবার ধারাবাহিকে দেখা যাবে গোরার প্রাক্তন প্রেমিকাকে। এই চরিত্রে গল্পে এন্ট্রি নিয়েছেন অভিনেত্রী দিয়া মুখার্জি। ইতিমধ্যেই তাঁর ঝলক প্রকাশ্যে এসেছে। তবে এই মেগায় তাঁকে পুরোপুরি নেতিবাচক চরিত্রে দেখা যাবে কিনা তা যদিও এখনও পর্যন্ত জানা যায়নি।
তবে দিয়ার চরিত্রটি গল্পে আসায় সে মোড় ঘুরবে তা বলাই যায়। এর আগে দিয়াকে দর্শক ইতিবাচক চরিত্রেই বেশিরভাগ সময় দেখেছেন। কিন্তু এবার গল্পের মোড়ে তাঁর চরিত্রটি নেতিবাচকই মনে করছেন দর্শক। এবার কি এলা ও গোরার সম্পর্কে চিড় ধরবে? নাকি তার জন্য আরও মজবুত হবে নায়ক-নায়িকার সম্পর্ক? তা তো সময়ই বলবে।
'মিলন হবে কতদিনে' ধারাবাহিকে মৈনাকের সঙ্গে গোরার বোনের বিয়ে হয়েছে। সে শাশুড়ি এবং বোনের সঙ্গে শ্বশুর বাড়ি গিয়েছে। এদিকে নতুন সমস্যার মুখোমুখি দাঁড়িয়ে এলা। কিছুদিন আগেই গল্পে দেখানো হয়েছে এলা তার শাশুড়ি এবং কাকীশাশুড়ির সঙ্গে মন্দিরে এসেছে। তাদের কুলদেবীর মন্দিরে এসে সবটা ঘুরে দেখে এলা। একই সঙ্গে, সেই সময় নিজেই নিজেকে মনে মনে বলতে থাকে গোরার বাবা কখনই খুনি হতে পারে না। সে মাটির মানুষ। তখনই এলার মনে হয় যে, হতে পারে তার শ্বশুরকে কেউ ফাঁসাচ্ছে। সে সেই সময়ই শাশুড়িকে জিজ্ঞেস করে কী করে গোরার মা এবং মৈনাকের বাবা মারা যায়। একই সঙ্গে, নিজেকে কথা দেয় অতীতের কিছু জট সে ছাড়াবেই। জানবে কী ঘটেছিল আসলে।
এলা যখন নিজের মনের দোলাচল নিয়ে ব্যস্ত সেই সময়ই মৈনাকের মা সেই মন্দিরের পুরোহিতের সামনে প্রণামের ভঙ্গিতে বসেছিল। তাকে দেখেই খুনি বলে চেঁচিয়ে ওঠে পুরোহিত। তবে কি সে-ই খুনি? নাকি লুকিয়ে আছে আরও কোনও বড় রহস্য? সেসব উন্মোচনের মাঝেই আবারও নতুন জটিলতায় এলা-গোরা।
প্রসঙ্গত, 'গাঁটছড়া' ধারাবাহিকে প্রথমবার জুটি বেঁধেছিলেন গৌরব চট্টোপাধ্যায় এবং শোলাঙ্কি রায়। সেই থেকেই দারুণ সাড়া ফেলে তাঁদের 'খড়িদ্ধি' জুটির অনস্ক্রিন রসায়ন। ধারাবাহিক শেষ হওয়ার পর এই জুটি ফেরানোর দাবি জানায় দর্শক। সেই কথা মেনে 'মিলন হবে কতদিনে' ধারাবাহিকে আবারও দেখা যাচ্ছে এই জুটিকে। স্টার জলসার পর্দায় নিয়মিত সম্প্রচার হয় মিলন হবে কতদিনে। এই মেগা প্রতিদিন রাত সাড়ে নটা থেকে দেখা যায়।
