অপেক্ষার অবসান। ১৯ মার্চ বড়পর্দায় মুক্তি পাচ্ছে 'ধুরন্ধর ২', ওরফে 'ধুরন্ধর: দ্য রিভেঞ্জ'। ১৮ মার্চ পেইড প্রিমিয়ারের ব্যবস্থা করা হয়েছে। ছবি নিয়ে উত্তেজনা এত তুঙ্গে যে মধ্যরাতে পর্যন্ত শোয়ের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যেই দর্শকদের উদ্দেশ্যে বিশেষ আবেদন পরিচালকের। একই সঙ্গে তিনি কি 'ধুরন্ধর ৩' -এর ইঙ্গিত দিলেন? জল্পনা বাড়ছে। 

আদিত্য ধর পরিচালিত 'ধুরন্ধর: দ্য রিভেঞ্জ' ইদের আবহে মুক্তি পাচ্ছে। তার আগে এদিন পরিচালক সমাজমাধ্যমে লেখেন, 'আমার আদরের, ধুরন্ধর পরিবারের বৃহৎ পরিবারকে, গত ৫ ডিসেম্বর ২০২৫ -এ বিশ্বজুড়ে ধুরন্ধর মুক্তি পায়। আর তারপর থেকে তোমরা কেবল আমাদের ছবিটি দেখনি। ভালবেসেছ। বেঁচেছ। প্রতিটি ডিটেলকে প্রশংসায় ভরিয়েছ। তর্ক করেছ, আবার করে দেখেছ। এমন এমন জিনিস লক্ষ্য করেছ যা আমি কল্পনাও করিনি যে কেউ দেখবে।' 

তিনি এদিন কাতর আবেদন করে দর্শকদের উদ্দেশ্যে লেখেন, 'ফলে, আমি সকলকে মন থেকে একটি অনুরোধ জানাচ্ছি, প্লিজ কোনও স্পয়লার দিও না। প্রতিটি ভক্তকে উৎসাহ, উত্তেজনা নিয়ে সিনেমা দেখতে দাই এবং নিজেদের একান্ত ব্যক্তিগত ভার্সন নিয়ে বেরোতে দাও। তোমরাই ধুরন্ধরকে ধুরন্ধর বানিয়েছ। এখন আমি তোমাদের বিশ্বাস করছি, এটা আগামীতে কী হতে পারে সেই বিষয়ে।' 

এরপরই তিনি সেই চমকটা দেন। লেখেন, 'আর হ্যাঁ, আরও একটা জিনিস। তোমাদের সিট ততক্ষণ ছাড়বে না, যতক্ষণ না ক্রেডিট দেখানো শেষ হচ্ছে।' আদিত্য ধরের পোস্টের এই অংশ দেখেই সকলে মনে করছেন, তবে কি 'ধুরন্ধর ৩' আসতে চলেছে? কারণ 'ধুরন্ধর' ছবির একদম শেষেই 'ধুরন্ধর ২' ছবিটির মুক্তির দিন ঘোষণা করে হয়েছিল, এবং জানানো হয়েছিল দ্বিতীয় ভাগের কথা। ফলে এবার 'ধুরন্ধর ৩' আসছে কিনা সেটা জানতেই মুখিয়ে দর্শক। অনেকে তো তাঁর পোস্টেই এই প্রশ্ন করে ফেলেছেন।

প্রসঙ্গত, 'ধুরন্ধর' ফ্রাঞ্চাইজিতে হামজার ভূমিকায় দেখা গিয়েছে রণবীর সিংকে। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, আর মাধবন, সারা অর্জুন, প্রমুখ। প্রথম ভাগে অক্ষয় খান্নাকেও দেখা গিয়েছে, তবে দ্বিতীয় ভাগে তিনি থাকবেন কিনা সেটা স্পষ্ট নয়। 'ধুরন্ধর' ফ্র্যাঞ্চাইজির ছবি দুটো প্রযোজনা করেছেন আদিত্য ধর এবং লোকেশ ধরের বি৬২ স্টুডিওস এবং জ্যোতি দেশপাণ্ডের জিও স্টুডিওস। টধুরন্ধর দ্য রিভেঞ্জট ছবিতে হামজার অতীত জীবন মানে জ্যাসকৃত সিং রঙ্গীর কথা দেখানো হবে। সঙ্গে থাকবে আরও নানা চমক।