এসএসকেএম হাসপাতালে পরিচালক অনীক দত্তের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তারপরই এদিন সেখানে দেখা আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃষ্টি উপেক্ষা করেই তিনি প্রয়াত পরিচালককে শ্রদ্ধা জানান। ফুলের স্তবক দিয়ে শেষ শ্রদ্ধা জানিয়ে চলে যান। তবে গোটা সময়টা হাসপাতালে থাকেন শিবপুরের বিধায়ক তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ।
অনীক দত্তের মৃত্যু আত্মহত্যা নাকি রয়েছে কোনও অন্য বিষয়? এই বিষয়ে রুদ্রনীল ঘোষ আজকাল ডট ইনকে বলেন, "যাঁরা তথ্য অনুসন্ধান করবেন এটা খুঁজে বের করা তাঁদের কাজ। এখন অনুমানে অনেকে অনেক কথা বলে ফেলতে পারি। কিন্তু এই জিজ্ঞাসার উত্তর পাওয়া তদন্ত ছাড়া সম্ভব নয়। পুলিশ তাদের কাজ করবে, কিছু থাকলে নিশ্চয় সেখান থেকে জানা যাবে। তবে এই মুহূর্তে তাঁর আত্মার শান্তি কামনা করি।" প্রায় একই সুর শোনা গেল বেহালা পশ্চিমের বিধায়ক ইন্দ্রনীল খাঁয়ের গলায়। তিনি বলেন, "এটা পশ্চিমবঙ্গের ক্ষতি। বাঙালি জাতির ক্ষতি।"
রুদ্রনীল ঘোষরা ছাড়াও এসএসকেএম হাসপাতালে ছিলেন বাম নেতা শতরূপ ঘোষ, অভিনেত্রী উষসী চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তী, প্রমুখ। সৃজিত মুখোপাধ্যায়ও এদিন হাসপাতালে এসে ফুলের স্তবক দিয়ে শেষ শ্রদ্ধা জানান অনীক দত্তকে।
প্রসঙ্গত, সূত্রের খবর, অনীক দত্তের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর তাঁর পরিবারের হাতে দেহ হস্তান্তর করে দেওয়া হয়েছে। কী রয়েছে সেই রিপোর্টে? ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী চিকিৎসকদের অনুমান এটি আত্মহত্যা। ছাদ থেকে পড়ে যাওয়ার কারণে শরীরের বিভিন্ন জায়গায় চোট রয়েছে। বিশেষ করে মাথায় গুরুতর আঘাত রয়েছে। রক্তপাতের কারণেই মৃত্যু হয়েছে বলেই জানানো হয়েছে রিপোর্টে। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় অনীক দত্তের। তবে, গোটা বিষয়টি আরও সঠিকভাবে বলা যাবে পুলিশি তদন্ত শেষ হওয়ার পর। যেখান থেকে পরিচালক ঝাঁপ দিয়েছেন সেটা কতটা উঁচু, কত উঁচু পাঁচিল ছিল এগুলো সবই খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে উপর থেকে পড়ার সময় অনীক দত্তর দেহ যে কাঁঠাল গাছে ধাক্কা খেয়ে মাটিতে পড়েছে সেই জায়গাটা, মূলত, ছাদ এবং কাঁঠাল গাছের মধ্যে দূরত্ব কত ছিল সবটাই সরেজমিনে দেখা হবে।
এছাড়া পুলিশের তরফে জানানো হয়েছে একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে। এই নোট দেখেই আপাতদৃষ্টিতে মনে করা হচ্ছে অনীক দত্ত আত্মহত্যা করেছেন। তবে এখনই এই নোটের উপরে ভিত্তি করে স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না। কারণ এই সুইসাইড নোটটি পুলিশের তরফে ফরেন্সিকে পাঠানো হবে হাতের লেখা মিলিয়ে দেখার জন্য। যাচাই করা হবে নোটটি অনীক দত্তরই লেখা, নাকি অন্য কেউ লিখেছেন।
এদিন অনীক দত্তর অস্বাভাবিক মৃত্যু প্রসঙ্গে ডেপুটি কমিশনার সৈকত ঘোষ সংবাদমাধ্যমকে জানান তাঁরা একটি সুইসাইড নোট পেয়েছেন। কী আছে তাতে? এই বিষয়ে জানতে চাওয়া হলে তাঁর জবাব, "অস্বাভাবিক মৃত্যুর কেস হিসেবে বিবেচনা করা হচ্ছে। তদন্ত চলছে। আমরা ময়নাতদন্ত করাব। টিম এসে কিছু স্যাম্পেল সংগ্রহ করেছে। ফরেনসিক করানো হবে এই জায়গার। একটা সুইসাইড নোট আমরা পেয়েছি, কিন্তু ওর ভিতরে কী আছে সেটা এখনই বলা যাবে না। আমরা সব দিক খতিয়ে দেখছি।"















