সংবাদসংস্থা, মুম্বই: ১৩ জানুয়ারি, ২০২৪, শনিবার ভোরে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী ডাঃ প্রভা আত্রে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২, বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন শিল্পী। সূত্রের খবর, ঘুমানোর সময় কার্ডিয়াক অ্যারেস্ট হয় তাঁর। শহরের কোথরুদ এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় শিল্পীকে। যেখানে তাঁকে ভোর ৫:৩০ টায় মৃত ঘোষণা করা হয়। আত্রে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের কিরানা ঘরানার প্রতিনিধিত্ব করেছিলেন। ভারত সরকারের তাঁকে তিনটি পদ্ম পুরস্কারে ভূষিত করে।
যেহেতু আত্রে পরিবারের কিছু ঘনিষ্ঠ সদস্য বিদেশে থাকেন, তাঁরা শহরে পৌঁছলে শেষকৃত্য সম্পন্ন করা হবে। ১৯৩২ সালের ১৩ সেপ্টেম্বর পুণেতে জন্ম না এই বিশিষ্ট গায়িকার। ধ্রুপদী কণ্ঠশিল্পী হওয়ার পাশাপাশি, তিনি একজন শিক্ষাবিদ, গবেষক, সুরকার এবং লেখক হিসেবেও জনপ্রিয় ছিলেন। বিজ্ঞান এবং আইনে স্নাতক আত্রে সঙ্গীতে ডক্টরেট করেছিলেন।
২০২২ সালের জানুয়ারিতে দেশের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মবিভূষণে ভূষিত হন ডাঃ প্রভা আত্রে। এর আগে তিনি ১৯৯০ সালে পদ্মশ্রী পুরস্কার এবং ২০০২ সালে পদ্মভূষণে ভূষিত হয়েছিলেন।
ছোট থেকেই সঙ্গীতের প্রতি আকর্ষণ ছিল তাঁর। প্রভার যখন ৮ বছর বয়স, তাঁর মা ইন্দিরাবাই অসুস্থ হয়েছিলেন। সেই সময়ে এক বন্ধু তাঁকে পরামর্শ দেন, শাস্ত্রীয় সঙ্গীতের পাঠ তাঁকে ভাল বোধ করতে সাহায্য করবে। তিনি কয়েকটি পাঠ গ্রহণ করেছিলেন। সেসব পাঠ শুনেই প্রভা ভালবেসেছিলেন শাস্ত্রীয় সঙ্গীত। গুরু-শিষ্য প্রথায় তাঁর সঙ্গীত প্রশিক্ষণ ছিল। তিনি কিরানা ঘরানার সুরেশবাবু মানে এবং হীরাবাই বদোদেকরের কাছে শাস্ত্রীয় সঙ্গীত শেখেন। খেয়াল শিখেছিলেন আমির খান এবং ঠুমরির পাঠ নিয়েছিলেন বড়ে গুলাম আলি খানের কাছে। শুধু তাই নয়, তিনি কত্থক নৃত্যশৈলীতেও আনুষ্ঠানিক প্রশিক্ষণ নিয়েছিলেন।