সংবাদ সংস্থা মুম্বই: উল্কার গতিতে উত্থান হয়েছিল ইমরান খানের এবং ততো দ্রুত সশব্দে মুখ থুবড়ে পড়েছিল তাঁর কেরিয়ার। একটা সময়ের পর অভিনয় ছেড়ে বিনোদন জগৎ থেকে বহুদূরে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। সেও আজ প্রায় ১০ বছর হতে চললো। সমাজমাধ্যমে ইতিউতি মাঝেমধ্যে দেখা যায় তাঁকে। টুকটাক নিজেদের অনুরাগীদের সঙ্গে সামান্য কথাবার্তা বলেন ন'মাসে ছ’মাসে। ওইটুকুই। কিন্তু সেই অবসর এবার কাটাতে চলেছেন খোদ ইমরান। অভিনেতা হিসাবে ফের ফিরছেন পর্দায়!


খবর, নিজের ‘কামব্যাক’-এর জন্য ওটিটিকে বেছে নিয়েছেন ইমরান। জানা গিয়েছে, একসময় যে ঘরনার ছবির জন্য বেড়ে গিয়েছিল তার ভক্তের সংখ্যা সেই মিষ্টি প্রেমের ছবির গল্পেই ফির একবার দেখা যাবে ইমরানকে। ছবির পরিচালনার দায়িত্বে থাকবেন দানিশ আসলাম যিনি ইমরান-দীপিকাকে নিয়ে ‘ব্রেক কে বাদ’ ছবিটি তৈরি করেছিলেন। সূত্রের খবর, এই ছবি রম-কম হলেও ইমরান অভিনীত চরিত্রটি তাঁর বাস্তব বয়সের সঙ্গে মানানসই। আর গল্পটাও নাকি এমন যেখানে ইমরানের অভিনয়ের শক্তিশালী দিকগুলো ফুটবে ভাল। এবার এই প্রসঙ্গে প্রথমবার মুখ খুললেন দানিশ আসলাম। জানালেন, নতুন একটি প্রজেক্টে ইমরানের সঙ্গে জুটি বাঁধছেন তিনি। তবে এর থেকে বেশি আর কিছু বলতে রাজি হননি তিনি। জানান, এইমুহূর্তে সেই প্রজেক্ট নিয়ে খুব বেশি কিছু বলার নির্দেশ নেই তাঁর কাছে। তবে হ্যাঁ, তাঁকে ও ইমরানের এই নয়া প্রজেক্টকে ঘিরে যে যে জল্পনা চলছে সেসব তাঁর কানেও এসেছে। সেগুলোর মধ্যে কয়েকটি ঠিক, বাকিগুলো ভুল। 

‘ব্রেক কে বাদ’ এর পরিচালক আরও জানান, একবার সেই প্রজেক্টটির সবকিছু চূড়ান্ত হয়ে গেলে তিনি তা নিজেই অন্যের সঙ্গে ঘোষণা করবেন। তবে এই প্রজেক্ট যে রম-কম হতে চলেছে তারও ইঙ্গিত দিয়েছেন তিনি।