অমৃতসর-নিবাসী শিল্পীর নাম বলবিন্দর সিং। তাঁর পাগড়ি বাঁধার দক্ষতার জন্য তিনি সুপরিচিত। দস্তার, দমালা পাগড়ি থেকে শুরু করে বিয়ের পাগড়ি—সবকিছুতেই তিনি সমান পারদর্শী।
২০২৬ সালের ১৯ মার্চ মুক্তি পেয়েছে রণবীর সিং অভিনীত সিনেমা ধুরন্ধর৷ এই ছবিতে জাসকিরাত সিং রঙ্গির জীবনের যাত্রা দেখানো হয়েছে।পাঞ্জাবের এক তরুণ থেকে ‘শের-এ-বালোচ’ হয়ে ওঠার যাত্রা৷ পাকিস্তানে সন্ত্রাসবাদীদের নির্মূল করে ভারতে ফিরে আসা এক পরিণত বয়সী মানুষের চরিত্রকে ফুটিয়ে তুলতে পাগড়ি ছিল বিশেষ উপকরণ। এই চরিত্রে পাগড়ি জাসকিরাতের পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ।
শুধু জাসকিরাত নয়, তাঁর পরিবারের সদস্য, শিরানি, পিন্ডা, আতিফ আহমেদ, পাঞ্জাব পুলিশ অফিসার এবং বহু নেপথ্য শিল্পীদের ক্ষেত্রেও পাগড়ি ছিল চরিত্র নির্মাণের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ।
২০২৬ সালের জানুয়ারিতে বলবিন্দর সিং একটি ভিডিও শেয়ার করেছিলেন, যেখানে তিনি লিখেছিলেন—“ধুরন্ধর সিনেমার শুটিংয়ে পাগড়ি বাঁধতে যাচ্ছি।” শিরানির লুক সম্পূর্ণ করতে বালোচ-স্টাইলের পাগড়ি তিনিই বেঁধেছিলেন। গল্পে শিরানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন হামজাকে সাহায্য করতে, যাতে সে এসপি চৌধুরী আসলাম এবং মেজর ইকবালকে পরাজিত করতে পারে।
বলবিন্দর সিং জানিয়েছেন, প্রথমে যখন তাঁকে একজন অভিনেতার সঙ্গে কাজ করার জন্য বলা হয়েছিল, তিনি ভেবেছিলেন তিনি রণবীর কাপুরের জন্য পাগড়ি বাঁধবেন। কারণ তিনি ভেবেছিলেন হয়তো ‘অ্যানিম্যাল ২’-এর শুটিং চলছে।” পরে যখন তাঁকে জানানো হয় যে তাঁকে রণবীর সিং- এর জন্য পাগড়ি বাঁধতে হবে, তখন তিনি সত্যিই অবাক হয়ে যান। বলবিন্দর সিং তাঁর সোশ্যাল মিডিয়ায় ধুরন্ধর-এর বিভিন্ন অভিনেতাদের পাগড়ি বাঁধার একাধিক ছবি এবং ভিডিও শেয়ার করেছেন।
