'জোয়ার ভাঁটা' ধারাবাহিকে বিরাট মোড় আসছে। আর দেখা যাবে না উজিকে? সম্প্রতি, জি বাংলার এই ধারাবাহিক ঘিরে কৌতূহল ছড়িয়েছে দর্শক মহলে। আরাত্রিকার সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরেও জল্পনা তৈরি হয়েছে। নেটিজেনদের একাংশ মনে করছেন এই ধারাবাহিক নাকি মাঝপথেই ছেড়ে দিচ্ছেন আরাত্রিকা। এবার ধারাবাহিকের টুইস্ট ঘিরে মুখ খুললেন পর্দার 'উজি' ওরফে অভিনেত্রী আরাত্রিকা মাইতি।
আজকাল ডট ইন-কে আরাত্রিকা বলেন, "আসলে এই জল্পনাটা শুরু হয়েছে আমার একটা পোস্ট নিয়ে। ওটা একটা গানের লাইন, আমার খুব প্রিয়। এমনই পোস্টটা করেছিলাম। আর তার আগেই প্রোমোটা আসে। এর ফলেই সবাই ভাবে, আমি বোধহয় ধারাবাহিক ছাড়ছি।"
অভিনেত্রী আরও বলেন, "আমি একটাই কথা বলব, দর্শকরা যেন একটু ধৈর্য ধরেন। গল্পে একটা বড়সড় মোড় এসেছে, সেটা নিয়ে এত জল্পনা-কল্পনার দরকার নেই। আর ক'দিনের মধ্যেই নতুন টুইস্ট আসবে। তবে আমি জোয়ার ভাঁটা ছাড়ছি না এটুকু বলব।"
গল্পে দেখা গিয়েছিল, নিশা আবারও জালিয়াতির নতুন ছক কষেছে। ভানুকে সঙ্গে নিয়ে একটা গোপন ডেরায় চলছে তাদের জালিয়াতির কাজকর্ম। এদিকে, সেই জায়গার সন্ধান পায় উজি। সে রাতের অন্ধকারে পুলিশ ফোর্স নিয়ে পৌঁছে যায় সেখানে। এদিকে, নিশাও পালানোর ব্যবস্থা করে রাখে। সে জানতে পারে না উজি সেখানে আসবে। তাই ফোর্স ভিতরে ঢুকতেই ভয়ঙ্কর ব্লাস্ট ঘটায়।
এদিকে, দেখা যায় দুর্জয় এসব ষড়যন্ত্রের মূলে। উজিকে চিরকালের মতো সরিয়ে ফেলার চেষ্টা সে করেছিল। আর সেই ফাঁদে পা দিয়েছে নিশা। পুরো ঘটনা জানতে পেরে অফিসার জিৎ বসু নিশাকে গ্রেফতার করতে আসে। উজির খুনের দায়ে নিশাকে অপমান করে ঋষিও। কিন্তু নিশা নিজের অজান্তেই বোনকে মেরে ফেলেছে, সেটা সে কিছুতেই মেনে নিতে পারে না। সত্যিই কি উজি মারা গিয়েছে? নাকি এটাও জিৎ বসুর কোনও নতুন চাল? কী হবে নিশার ভবিষ্যৎ? উত্তরের অপেক্ষায় দর্শক মহল।















