২৭ মে টলিউডে নেমে এসেছে শোকের ছায়া। গড়িয়াহাটের কাছে হিন্দুস্তান পার্কের বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু হয় পরিচালক অনীক দত্তের। তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। বুধবার সন্ধ্যায় এসএসকেএম হাসপাতালে তাঁর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তবে বর্তমানে তাঁর মরদেহ পিস ওয়ার্ল্ডে শায়িত রয়েছে। মেয়ে ঐশী বিদেশে থাকেন। তিনি ফিরলে তারপরই শেষকৃত্য হবে। কিন্তু কবে? অনীক দত্তকে শেষ শ্রদ্ধা কোথায় জানাতে পারবেন তাঁর অনুরাগীরা? আজকাল ডট ইনকে জানালেন পরিচালকের স্ত্রী সন্ধি দত্ত। 

আগে শোনা যাচ্ছিল বৃহস্পতিবার অনীক দত্তের শেষকৃত্য হবে। কিন্তু সেটা হচ্ছে না। সন্ধি দত্ত এদিন জানিয়ে দেন আগামীকাল, অর্থাৎ শুক্রবার হবে তাঁর শেষকৃত্য। বুধবার দিনই শিবপুরের বিধায়ক তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ জানিয়েছিলেন পরিবারের অনুমতি থাকলে নন্দনে নিয়ে যাওয়া হবে অনীক দত্তের দেহ। সেটাই কি হচ্ছে জানতে চাইলে সন্ধি দত্ত বলেন, "মনে হয় না। মেয়ে আসেনি এখনও, ও আসলে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে, ওঁকে কোথাও একটা রাখা হবে ওঁর ফ্যানদের জন্য, যাতে সকলে শেষ শ্রদ্ধা জানাতে পারেন।" 

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, বুধবার সন্ধ্যায় ময়নাতদন্ত হওয়ার পর অনীক দত্তের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। কী রয়েছে রিপোর্টে? ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী চিকিৎসকদের অনুমান এটি আত্মহত্যা। ছাদ থেকে পড়ে যাওয়ার কারণে শরীরের বিভিন্ন জায়গায় চোট রয়েছে। বিশেষ করে মাথায় গুরুতর আঘাত রয়েছে। রক্তপাতের কারণেই মৃত্যু হয়েছে বলেই জানানো হয়েছে রিপোর্টে। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় অনীক দত্তের। তবে, গোটা বিষয়টি আরও সঠিকভাবে বলা যাবে পুলিশি তদন্ত শেষ হওয়ার পর। যেখান থেকে পরিচালক ঝাঁপ দিয়েছেন সেটা কতটা উঁচু, কত উঁচু পাঁচিল ছিল এগুলো সবই খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে উপর থেকে পড়ার সময় অনীক দত্তর দেহ যে কাঁঠাল গাছে ধাক্কা খেয়ে মাটিতে পড়েছে সেই জায়গাটা, মূলত, ছাদ এবং কাঁঠাল গাছের মধ্যে দূরত্ব কত ছিল সবটাই সরেজমিনে দেখা হবে।

এদিন অনীক দত্তর অস্বাভাবিক মৃত্যু প্রসঙ্গে ডেপুটি কমিশনার সৈকত ঘোষ সংবাদমাধ্যমকে জানান তাঁরা একটি সুইসাইড নোট পেয়েছেন। কী আছে তাতে? এই বিষয়ে জানতে চাওয়া হলে তাঁর জবাব, "অস্বাভাবিক মৃত্যুর কেস হিসেবে বিবেচনা করা হচ্ছে। তদন্ত চলছে। আমরা ময়নাতদন্ত করাব। টিম এসে কিছু স্যাম্পেল সংগ্রহ করেছে। ফরেনসিক করানো হবে এই জায়গার। একটা সুইসাইড নোট আমরা পেয়েছি, কিন্তু ওর ভিতরে কী আছে সেটা এখনই বলা যাবে না। আমরা সব দিক খতিয়ে দেখছি।"

২৭ মে রাতে এসএসকেএমে আসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফুলের স্তবক দিয়ে শেষ শ্রদ্ধা জানান। উপস্থিত ছিলেন রুদ্রনীল ঘোষ, ইন্দ্রনীল খাঁ, বাম নেতা শতরূপ ঘোষ, অভিনেত্রী উষসী চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তী, প্রমুখ। বুধবার এই খবর পেয়ে প্রায় গোটা টলিউড চলে এসেছিল ঢাকুরিয়ার কাছে অবস্থিত বেসরকারি হাসপাতালে যেখান প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল অনীক দত্তকে। এসেছিলেন জিতু কামাল, সুদীপা চট্টোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, শ্রীলেখা মিত্র, মানসী সিনহা, প্রমুখ। এসেছিলেন মহম্মদ সেলিম, দীপ্সিতা ধর, প্রমুখও।