বুধবার, ২৭ মে হিন্দুস্তান পার্কের বাড়ির ছাদ থেকে পড়ে যান অনীক দত্ত। এরপরই জানা যায়, তিনি প্রয়াত। অনুমান তিনি আত্মঘাতী হয়েছেন, কিন্তু পুলিশের তরফে এখনই এখনও এই খবরের সত্যতা নিশ্চিত করা হয়নি। তবে, ইতিমধ্যেই তদন্ত প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ডেপুটি কমিশনার সৈকত ঘোষ প্রাথমিক তদন্তের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন এদিন সন্ধ্যায়। কী জানালেন তিনি?
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অনীক দত্তর অস্বাভাবিক মৃত্যু প্রসঙ্গেই সৈকত ঘোষ জানান তাঁরা একটি সুইসাইড নোট পেয়েছেন। কী আছে তাতে? এই বিষয়ে জানতে চাওয়া হলে তাঁর জবাব, "অস্বাভাবিক মৃত্যুর কেস হিসেবে বিবেচনা করা হচ্ছে। তদন্ত চলছে। আমরা ময়নাতদন্ত করাব। টিম এসে কিছু স্যাম্পেল সংগ্রহ করেছে। ফরেনসিক করানো হবে এই জায়গার। একটা সুইসাইড নোট আমরা পেয়েছি, কিন্তু ওর ভিতরে কী আছে সেটা এখনই বলা যাবে না। আমরা সব দিক খতিয়ে দেখছি।"
কেন এমনটা ঘটালেন অনীক দত্ত? সূত্রের খবর এদিন বাড়িতে ছিলেন তাঁর স্ত্রীও, কোনও সিসিটিভি ফুটেজ কি পাওয়া গিয়েছে ঘটনার? গোটা বিষয়ে তদন্তকারী অফিসার বলেন, "উনি কেন এটা করলেন, কী হয়েছে, এটা তদন্তের বিষয়। তদন্ত হলে জানা যাবে। তাতে সময় লাগবে। ওঁর স্ত্রী ছিলেন বাড়িতে। কিছুক্ষণের জন্য এসেছিলেন। কিন্তু আসার পর কী হয়েছিল সেটা তদন্ত সাপেক্ষ। আমরা এখনও অবধি যা পেয়েছি উনি কোথাও একটা থাকছিলেন, এদিন বাড়িতে এসেছিলেন, সেটা আমরা খতিয়ে দেখছি।" তাঁর আরও সংযোজন, "উনি যখন পড়েন সশব্দে, তখন কিছু পথচারী, এই বাড়ির কিছু আবাসিকরা ছুটে আসেন। ওঁকে ছাদ থেকে কেউ লাফাতে দেখেছেন কিনা সেরকম আমরা কিছু পাইনি। উনি পড়ার পর শব্দে লোকে বোঝেন কিছুটা একটা ঘটেছে, কিউরিয়াস হয়ে ছুটে আসেন।"
অনীক দত্ত কি অবসাদে ভুগছিলেন? সেই থেকেই এমন সিদ্ধান্ত নিলেন? এই বিষয়ে সৈকত ঘোষ বলেন, "অবসাদে ভুগছিলেন কিনা সেটা তদন্তের বিষয়, এখনই বলা যাবে না। তবে, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে, তদন্তের জন্য যা যা প্রয়োজনীয় সব করব। বয়ান রেকর্ড, ময়নাতদন্ত, ফরেনসিক সব হবে।"
পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, এটি আত্মহত্যার ঘটনা। তবে পুলিশ আরও জানিয়েছে, তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পূর্ণাঙ্গ না এলে স্পষ্ট করে কিছু বলা সম্ভব নয়। ফলে পরিচালকের মত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা এখনও অব্যাহত। আজ সন্ধেবেলায় অনিক দত্তের দেহ ময়নাতদন্তের জন্য এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হবে। প্রসঙ্গত, কিছুদিন আগেই শারীরিক অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন অনীক দত্ত। আবাসনে নিজের ফ্ল্যাটে একাই থাকতেন তিনি।















