কিছুদিনের বিরতি কাটিয়ে আবার ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী অলিভিয়া বসু। শেষবার তাঁকে দর্শক দেখেছিলেন স্টার জলসার ধারাবাহিক ‘রাঙামতি তিরন্দাজ’ -এ ‘চার্লি’ চরিত্রে। এবার তিনি প্রযোজনা সংস্থা টেন্ট সিনেমার ধারাবাহিক ‘ভালোবাসার রং রূট’ -এ আসছেন। এই ধারাবাহিকটি সান বাংলায় সম্প্রচারিত হয়। তাঁকে এই গল্পে ‘নিশা সেন’-এর ভূমিকায় দেখা যাবে। 

অভিনয় থেকে কিছুদিন দূরে থাকলেও সেই সময়টা একেবারেই নষ্ট করেননি অলিভিয়া। চিকিৎসকদের পরামর্শে ধারাবাহিকের ব্যস্ত শিডিউল থেকে বিরতি নিয়ে তিনি নিয়মিত মডেলিংয়ের কাজ চালিয়ে গিয়েছেন। এই সময়ে একাধিক ধারাবাহিকের প্রস্তাব এলেও নিজের মনের মতো চরিত্রের অপেক্ষাতেই ছিলেন তিনি। অবশেষে টেন্ট সিনেমা থেকে এই চরিত্রের প্রস্তাব পেয়ে আর অপেক্ষা করেননি।

আবার ধারাবাহিকে ফেরা প্রসঙ্গে অলিভিয়া বলেন, “আমার শেষ ধারাবাহিক ছিল রাঙামতি তিরন্দাজ। এরপর কিছুদিন বিরতি নিয়েছিলাম। সেই সময়ে মডেলিংয়ের কাজ করেছি, কারণ চিকিৎসকদের পরামর্শে ধারাবাহিকের কাজ থেকে দূরে থাকতে হয়েছিল। এর মধ্যেও কয়েকটি ধারাবাহিকের প্রস্তাব এসেছিল, কিন্তু মনের মতো চরিত্র না হওয়ায় রাজি হইনি। তবে এই চরিত্রটা আর হাতছাড়া করতে চাইনি।"

ধারাবাহিকের গল্পে তিনি ফুটবল কোচ মিহির সেন-এর মেয়ের ভূমিকায় অভিনয় করছেন। চরিত্রটি ইতিবাচক ও নেতিবাচক—দুয়ের মিশেলে গড়ে উঠেছে। যা গল্পের বিভিন্ন মোড়ে ধরা দেবে। ফলে অভিনেত্রী হিসেবেও এটি তাঁর কাছে যথেষ্ট চ্যালেঞ্জিং একটি চরিত্র।

প্রসঙ্গত, এই ধারাবাহিকের নায়ক-নায়িকা অর্থাৎ রেহান ও রূপাই-এর চরিত্রে দেখা যাচ্ছে ইন্দ্রনীল চ্যাটার্জি ও মিষ্টি সিংহ রায়কে। তাঁদের জুটি দর্শকের মনে জায়গা করে নিয়েছে।