নতুন গল্প দেখতে দারুণ উৎসাহ দর্শকের মনে। তাই চ্যানেলের পক্ষ থেকেও নিত্য নতুন গল্প নিয়ে আসা হয় দর্শকের জন্য। নতুন ধারাবাহিক মানেই নতুন জুটি। যদিও কিছু কিছু ক্ষেত্রে জনপ্রিয়তার মাত্রা ব্যাপক থাকায় পুরনো জুটিকেও ফেরানো হয়। এবার জানা যাচ্ছে, স্টার জলসায় আসছে এক নতুন ধারাবাহিক। বাংলা টকিজের ব্যানারে আসছে এই নতুন মেগা। মুখ্য চরিত্রেও রয়েছে দারুণ চমক।
টলিপাড়ার অন্দরের খবর, অভিনেতা আদৃত রায়কে দেখা যেতে চলেছে আসন্ন এই মেগার নায়কের চরিত্রে। জানা যাচ্ছে, এবার নাকি নবাগতা নায়িকার সঙ্গে পর্দায় জুটি বাঁধছেন আদৃত। নবাগতা নায়িকার নাম অনুষ্কা। এই ধারাবাহিকের হাত ধরে দর্শক পেতে চলেছেন এই নতুন জুটিকে। সেই সঙ্গে নতুন চরিত্রে ফিরছেন অভিনেত্রী অরিজিতা মুখার্জি। তাঁকে দেখা যেতে চলেছে আদৃতের মায়ের চরিত্রে। তবে তাঁর চরিত্রটি পুরোপুরি ইতিবাচক না নেতিবাচক তা যদিও এখনও পর্যন্ত খোলসা নয়।
এদিকে, আদৃত আগেই দর্শক মহলে জনপ্রিয়তা পেয়েছেন। তাঁর অনুরাগী সংখ্যাও প্রচুর। নতুন নায়িকার সঙ্গে তাঁর জুটি বাঁধার খবর ছড়াতেই উত্তেজিত দর্শক মহল।
প্রসঙ্গত, এর আগে দর্শক আদৃতকে দেখেছিলেন জি বাংলার ধারাবাহিক 'মিত্তির বাড়ি'তে। আদৃতকে পরবর্তীতে আবার দেখা যেতে চলেছে বড়পর্দায়। আর ডি বর্মণকে শ্রদ্ধা জানাতে আসছে আশিস কুমার পরিচালিত নতুন ছবি 'ফিরে এসো অনুরাধা'। সেই ছবিতেই থাকবেন আদৃত রায়।
জানা যাচ্ছে, আগাগোড়া প্রেমের গল্প নিয়েই এগোবে এই ধারাবাহিক। তবে এখনও পর্যন্ত ধারাবাহিকের নাম ও মূল বিষয়বস্তু সংক্রান্ত তেমন তথ্য পাওয়া যায়নি। তবে জানা যাচ্ছে, ইতিমধ্যেই নাকি শুটিং শুরু হয়েছে এই ধারাবাহিকের। তবে প্রোমো শুটিং এখনও হয়নি।















