টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?


'ধুরন্ধর ২’ নিয়ে উচ্ছ্বসিত আদিত্য ধর


‘ধুরন্ধর ২’ মুক্তির পর দারুণ সাড়া ফেলেছে দর্শকদের মধ্যে। আর এই সাফল্যে উচ্ছ্বসিত পরিচালক আদিত্য ধর। সম্প্রতি এক প্রতিক্রিয়ায় তিনি জানান, ছবিটি নিয়ে দর্শকদের ভালবাসা দেখে তিনি সত্যিই অভিভূত। শুধু প্রশংসাই নয়, সোশ্যাল মিডিয়ায় ছবিকে ঘিরে তৈরি হওয়া নানা মিমও তিনি উপভোগ করছেন। তাঁর কথায়, “দর্শকরা ছবিটা নিয়ে আলোচনা করছেন, সেটাই সবচেয়ে বড় প্রাপ্তি। এই ছবির জন্য পুরো টিম অনেক পরিশ্রম করেছে। তাই ছবিটি সফল হওয়ায় তিনি সবাইকে কৃতিত্ব দিতে চান। অভিনেতা থেকে শুরু করে টেকনিক্যাল টিম, সবাই মিলে এই সাফল্য সম্ভব হয়েছে।” তিনি আরও জানান, এতটা ভাল প্রতিক্রিয়া পাবেন, তা আগে ভাবেননি। দর্শকদের এই ভালবাসা তাঁকে আরও কাজ করার অনুপ্রেরণা দিচ্ছে।

‘কাপুর অ্যান্ড সনস’-এ অভিনয়ে রাজি ছিলেন না বহু তারকা

২০১৬ সালে মুক্তি পেয়েছিল ‘কাপুর অ্যান্ড সনস’। সেই জনপ্রিয় বলিউড ছবির অভিনেতা নির্বাচন করা মোটেও সহজ ছিল না,এমনটাই জানিয়েছেন ছবির পরিচালক শকুন বাত্রা। তিনি বলেন, “ছবির জন্য প্রথমে অনেক অভিনেতাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তাঁদের মধ্যে বেশ কয়েকজন কাজটি করতে রাজি হননি। একের পর এক প্রত্যাখ্যানের ফলে ছবির কাজ শুরু করাই কঠিন হয়ে দাঁড়ায়।” পরে ঋষি কাপুর, রত্না পাঠক শাহ এবং রজত কাপুর ছবিতে অভিনয় করতে রাজি হন। এরপর ধীরে ধীরে পুরো শিল্পী তালিকা চূড়ান্ত হয়। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যায় আলিয়া ভাট, সিদ্ধার্থ মালহোত্রা এবং ফাওয়াদ খান-কে। পরিচালকের কথায়, শুরুতে এত বাধা এলেও শেষ পর্যন্ত সঠিক শিল্পীদের নিয়ে ছবিটি তৈরি করা সম্ভব হয়। আর মুক্তির পর ছবিটি দর্শকের মনে জায়গা করে নেয়। আজও এই ছবি বলিউডের জনপ্রিয় পারিবারিক ছবিগুলোর মধ্যে অন্যতম।

চাক নরিসকে শ্রদ্ধা জানালেন অক্ষয় কুমার

হলিউডের কিংবদন্তি মার্শাল আর্ট শিল্পী চাক নারিসের প্রয়াণে শোকপ্রকাশ করলেন অক্ষয় কুমার। সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন বার্তায় অক্ষয় জানান, তাঁর জীবনে চাক নরিসের বড় প্রভাব রয়েছে। বলিউডের ‘মি. খিলাড়ি’ বলেন, ছোটবেলায় মার্শাল আর্ট শেখার সময় তিনি নিয়মিত চাক নরিসের সিনেমা দেখতেন। ‘ওয়ে অফ দ্য ড্রাগন’ ও ‘মিসিং ইন অ্যাকশন’-এর মতো ছবিগুলো তাঁর কাছে শুধু বিনোদন ছিল না, শেখারও বড় উৎস ছিল। ৮৬ বছর বয়সে এই অ্যাকশন কিংবদন্তির মৃত্যুতে বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ভক্তদের পাশাপাশি বহু তারকাও তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন।