তৃতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন আমির খান। সদ্যই স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্টে কাগুজে বিয়ে সেরেছেন প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে। আমির খানের যেমন অতীতের দুই বিয়ে থেকে ৩ সন্তান রয়েছে, তেমনই গৌরীও অতীতে একটি বিয়ে করেছিলেন। রয়েছে এক সন্তানও। কিন্তু জানেন কি গৌরীর প্রাক্তন স্বামী কে? 

সূত্রের খবর অনুযায়ী, গৌরী স্প্র্যাটের প্রথম স্বামী কুণাল স্প্র্যাট। অর্থাৎ প্রাক্তন স্বামীর পদবী এখনও বহন করে চলেছেন তিনি। যদিও আমিরের ঘরণীর বাপের বাড়ির পদবীও স্প্র্যাট। কুণাল স্প্র্যাট বিনোদন এবং ফ্যাশন দুনিয়ার সঙ্গে যুক্ত। তিনি একাধিক প্রজেক্টে অভিনেতা এবং মডেল হিসেবে কাজ করেছেন। ক্রিয়েটিভ দুনিয়াতেও নিবিড় যোগ রয়েছে তাঁর। ফলে, গৌরীর দুই স্বামীই যে লাইট, ক্যামেরা অ্যাকশনের জগতের মানুষ সেটা স্পষ্ট, সে তিনি নিজে যতই লাইমলাইট থেকে দূরে থাকতে পছন্দ করুন না কেন। 

গৌরী স্প্র্যাট এবং কুণাল স্প্র্যাট ২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। প্রায় এক দশক তাঁরা দাম্পত্য জীবন কাটান। সেই সময় তাঁদের বিভিন্ন সময়, বিভিন্ন ফ্যাশন ইভেন্টে দেখা গিয়েছে একত্রে। ২০১৯ সালে জন্ম হয় গৌরী এবং কুণালের সন্তান কুইনের। নিজের মতো সন্তানকেও লাইমলাইট থেকে বরাবর দূরে রেখেছেন তিনি। ২০২৩ সালে আইনি ভাবে আলাদা হন গৌরী এবং কুণাল। সেই সময় তাঁদের সন্তানের বয়স মাত্র ৪ বছর। বর্তমানে তাঁরা একত্রে কুইনকে লালনপালন করেন। তবে ডিভোর্সের বছরখানেকের মধ্যেই নতুন সম্পর্কে জড়ান গৌরী। অবশেষে ২০২৬ সালের ৫ জুলাই আমির খানের হাত ধরে নতুন শুরু করলেন তিনি। 

গত ৫ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হলেন আমির খান এবং গৌরী স্প্র্যাট। ৬১ বছর বয়সে এসে দাম্পত্য জীবনের তৃতীয় অধ্যায় শুরু করলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। তাঁদের বিয়েতে দেখা যায়নি শাহরুখ খানকে। তবে বন্ধু বিয়ে করলেন আর তিনি আসবেন না, তাই কখনও হয়? এদিন আমির খানের বাড়িতে দেখা গেল কিং খানকে। এছাড়া আমির গৌরীর বিয়েতে এসেছিলেন আম্বানি পরিবারের সকলে, আশুতোষ গোয়ারিকর, রাজকুমার হিরানি, প্রমুখ।

প্রসঙ্গত, গত বছর ৬০ তম জন্মদিনে আমির খান তাঁর তৎকালীন প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে সকলের আলাপ করিয়ে দেন। জানা যায়, তার আগে এক বছর তাঁরা লং ডিসটেন্স রিলেশনশিপে ছিলেন। তারপর সেই সম্পর্কে সিলমোহর দেন সকলের সামনে। এর বছরের ঘোরার মধ্যেও বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তাঁরা। আমির খান এবং গৌরী স্প্র্যাটের বিয়েতে তাঁদের দুজনেরই সব সন্তান উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, আমির খান অতীতে আরও দুটো বিয়ে করেছেন। তাঁর প্রথম স্ত্রী রিনা দত্ত। তাঁদের সন্তান জুনায়েদ খান, এবং ইরা খান। আমিরের দ্বিতীয় স্ত্রী হলেন কিরণ রাও, তাঁদের সন্তান হলেন আজাদ খান। অন্যদিকে গৌরী স্প্র্যাটের প্রথম স্বামী কুণাল স্প্র্যাট, তাঁদের এক ছেলে। অভিনেতার মুম্বইয়ের পালি হিলসের বাসভবনে বসেছিল বিয়ের আসর।