বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান -এর তৃতীয় বিয়ে নিয়ে গত কয়েকদিন ধরে যে জল্পনা চলছিল, তাতে এবার স্বয়ং অভিনেতা নিজেই সিলমোহর দিলেন। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আমির খান নিশ্চিত করেছেন যে, তিনি ওঁর দীর্ঘদিনের প্রেমিকা গৌরী স্প্র্যাট -এর সঙ্গে আগামী ৫ জুলাই, ২০২৬ তারিখে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন।

সদ্য দেওয়া এক সাক্ষাৎকারে রীতিমতো বিবৃতিতে দিয়ে আমির খান সরাসরি বললেন, “ হ্যাঁ, আমার বিয়ের খবর সম্পূর্ণ সত্যি। আগামী ৫ জুলাই গৌরী এবং আমার বিয়ে হতে চলেছে।”

বলিউডের চেনা হাই-প্রোফাইল বা জাঁকজমকপূর্ণ ডেস্টিনেশন ওয়েডিংয়ের রাস্তায় হাঁটছেন না আমির-গৌরী। জোর খবর, অত্যন্ত ছিমছাম এবং ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে নিজেদের সম্পর্ককে আইনি রূপ দেবেন তাঁরা। কোনও বিলাসবহুল আয়োজন বা গ্র্যান্ড রিসেপশনের বদলে, নিজেদের বাড়িতেই দুই পরিবারের সদস্য এবং হাতেগোনা কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুর উপস্থিতিতে একটি রেজিস্ট্রি ম্যারেজ সারবেন এই জুটি। ব্যক্তিগত জীবনকে লাইমলাইটের আড়ালে রাখার যে চেনা স্বভাব আমিরের রয়েছে, এই সিদ্ধান্ত তারই প্রতিফলন।

আমিরের হবু স্ত্রী গৌরীকে নিয়ে এই মুহূর্তে নেটপাড়ায় কৌতূহল আকাশচুম্বী। গৌরীর জীবনের কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিচে তুলে ধরা হল -

 

আদি বাড়ি ও পেশা: গৌরীর মূল বাড়ি বেঙ্গালুরুতে। তিনি ফ্যাশন, বিউটি এবং ওয়েলনেস ইন্ডাস্ট্রির সাথে যুক্ত। লাইফস্টাইল ও সেলুন ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন কাজ করার পর বর্তমানে তিনি মুম্বাইয়ের বাসিন্দা।
ব্যক্তিগত জীবন: গৌরী স্প্র্যাট একজন সিঙ্গেল মাদার, ওঁর একটি ছোট পুত্রসন্তান রয়েছে।

অনেকের ধারণা আমির-গৌরীর আলাপ বুঝি ইদানীংকালের। কিন্তু ঘটনা হল, তাঁদের প্রথম দেখা হয়েছিল আজ থেকে প্রায় ২৫ বছর আগে! মাঝে দীর্ঘদিন যোগাযোগ না থাকলেও, বছর দুয়েক আগে তাঁদের আবার দেখা হয়। সেই পুরোনো বন্ধুত্বই আস্তে আস্তে এক গভীর ও পরিণতিমুখী সম্পর্কে রূপ নেয়।গত বছর (২০২৫ সালের মার্চ মাসে) নিজের ৬০তম জন্মদিনের উদযাপনে সংবাদমাধ্যমের প্রতিনিধি ও পাপারাৎজিদের সঙ্গে গৌরীকে প্রথমবার অফিশিয়ালি নিজের পার্টনার হিসেবে আলাপ করিয়ে দিয়েছিলেন আমির খান।

বিয়ের পিঁড়িতে বসার আগে অন্য এক সাক্ষাৎকারে নিজের শান্তি ও তৃপ্তির কথা অকপটে ভাগ করে নিয়েছেন আমির।আমির বলেন, “আমি সত্যিই খুব সৌভাগ্যবান যে গৌরীর সঙ্গে আমার দেখা হয়েছে এবং আমাদের সম্পর্কটা শুরু হয়েছে। ও অসাধারণ একটা মানুষ, ওঁর সঙ্গে থাকলে আমি এক অদ্ভুত মানসিক শান্তি পাই। রীনা এবং কিরণের সঙ্গেও আমার সম্পর্ক ভীষণ গভীর ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তা টেকেনি। তবে আজ আমি সত্যি আশীর্বাদধন্য যে গৌরী আমার জীবনে এসেছে। আমরা একসঙ্গে ভীষণ খুশি। আমার মনে হচ্ছে, এবার গিয়ে আমি সম্পূর্ণ হলাম।”

এটি আমির খানের তৃতীয় বিয়ে হতে চলেছে। এর আগে ১৯৮৬ থেকে ২০০২ সাল পর্যন্ত রীনা দত্তর সঙ্গে ওঁর প্রথম দাম্পত্য ছিল, যাঁদের দুই সন্তান জুনায়েদ খান ও ইরা খান। এরপর ২০০৫ সালে তিনি বিয়ে করেন চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে। ২০২১ সালে তাঁদের বিচ্ছেদ হয়, এবং তাঁদের সারোগেসির মাধ্যমে জন্ম নেওয়া এক পুত্রসন্তান (আজাদ রাও খান) রয়েছে। তবে দুই প্রাক্তন স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হলেও আমির খান সবসময়ই রীনা ও কিরণকে অত্যন্ত শ্রদ্ধা ও সম্মানের চোখে দেখে এসেছেন। আজও তাঁদের মধ্যে পারিবারিক সৌহার্দ্য অটুট এবং তাঁরা অত্যন্ত দায়িত্বের সঙ্গে সন্তানদের ‘কো-প্যারেন্টিং’ করছেন।

কেরিয়ারের দিক থেকে আমির খানকে শেষবার বড়পর্দায় দেখা গেছে ‘সিতারে জমিন পর’ ছবিতে। তবে এই মুহূর্তে ওঁর আগামী ছবির চেয়েও ওঁর জীবনের এই নতুন ইনিংসের মেগা আপডেট নিয়েই বুঁদ হয়ে রয়েছে গোটা বলিউড।