আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ ২৪ পরগনার রাজপুর-সোনারপুরের নরেন্দ্রপুর থানার নবগ্রাম এলাকায় একটি ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম অরূপ মণ্ডল (৩৭)। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে দু'টি আগ্নেয়াস্ত্র ও ছ’ রাউন্ড গুলি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ফ্ল্যাটে একাই থাকতেন অরূপ। আবাসনের বাসিন্দারা এই বিষয়ে মুখ খুলতে চাননি। পরিবারের দাবি, মধ্যরাতে প্রায় ১টা নাগাদ এক পরিচিত ব্যক্তির মাধ্যমে খবর পান অরূপের মামা শংকর নস্কর। এরপর পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছন।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় নরেন্দ্রপুর থানার পুলিশ। প্রাথমিক তদন্তে মৃতের মাথায় আঘাতের চিহ্ন মিলেছে বলেও জানা গিয়েছে। এই ঘটনায় অরূপের বান্ধবী প্রিয়াঙ্কা দাস এবং তার এক বন্ধু রাজুকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। নির্বাচনী আবহের মধ্যে গুলি চালানোর ঘটনা ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।