আজকাল ওয়েবডেস্ক: ভোটের মুখে বড় চমক। বাংলায় ২০২৬-এর ভোটের আগেই, পদত্যাগ করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত প্রাপ্ত তথ্য, এই মুহূর্তে তিনি রয়েছেন দিল্লিতেই। সেখান থেকেই পদত্যাগ করেছেন বাংলার রাজ্যপাল পদ থেকে। যদিও এখনও পর্যন্ত এই পদত্যাগের কারণ জানা যায়নি।
সি ভি আনন্দ বোস। ২০২২ সালের ১৭ নভেম্বর তিনি মনোনীত হয়েছিলেন বাংলার রাজ্যপাল হিসেবে। দীর্ঘ সময় এই পদে থাকলেও, একাধিকবার রাজ্য সরকারের সঙ্গে নানা বিষয়ে তাঁর মতভেদ সামনে এসেছে। তৃণমূল সরকারের নানা সিদ্ধান্ত নিয়ে কড়া সমালোচনা করেছেন। সমালোচনা করেছেন সরকারের নানা নীতি নিয়েও। আবার নানা সময়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য বিনিময়ের ছবিও ফুটে উঠেছে।
এই প্রসঙ্গে উল্লেখ্য, বাংলার রাজ্যপাল হিসেবে তাঁর মেয়াদ শেষ হতে এখনও সময় বাকি বেশ কিছুটা। মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত। তার আগেই আচমকা এই সিদ্ধান্তে জোর জল্পনা রাজনৈতিক মহলে।
সূত্রের খবর, বাংলার রাজ্যপাল, দিল্লিতেই রাষ্ট্রপতি ভবনে তাঁর পদত্যাগপত্র পাঠিয়ে দেন। তবে ঠিক কী কারণ তা যেমন এখনও স্পষ্ট হয়নি। তবে, কেন্দ্র ভোটমুখী বাংলায় কাকে রাজ্যপাল হিসেবে পাঠাবেন, সেদিকেই নজর। নজর এই ঘটনায় রাজ্যের শাসক দলের প্রতিক্রিয়াও। রাজ্যের মুখ্যমন্ত্রীর বার্তাতেই সামনে এসেছে বাংলার পরবর্তী রাজ্যপাল হচ্ছেন, তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবি (রবীন্দ্র নারায়ণ রবি)।
আর এন রবি (রবীন্দ্র নারায়ণ রবি) হলেন একজন ভারতীয় রাজনীতিবিদ এবং প্রাক্তন আইপিএস আধিকারিক। ২০২১ সালের সেপ্টেম্বর থেকে তামিলনাড়ুর ১৫তম এবং বর্তমান রাজ্যপাল। পূর্বে তিনি নাগাল্যান্ড এবং মেঘালয়ের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন। তামিলনাড়ুর ডিএমকে সরকারের সঙ্গে বিভিন্ন ইস্যুতে তিনি বিতর্কে রয়েছেন। বিশেষ করে রাজ্যপাল হিসেবে প্রশাসনিক ক্ষমতা অপব্যবহারের অভিযোগ, বিল আটকে রাখা (যাতে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করে) এবং ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (NEET) বিল নিয়ে বিতর্কের জন্য পরিচিত তিনি।
