দীক্ষা ভুঁইয়াঃ পরিবেশ রক্ষায় রাজ্যজুড়ে বৃক্ষরোপণ অভিযানে গতি আনতে ১৪ থেকে ২০ জুলাই পর্যন্ত ‘অরণ্য সপ্তাহ’ পালনের নির্দেশ দিল নবান্ন। এই উপলক্ষ্যে সমস্ত জেলার জেলাশাসক, কলকাতা পুরসভার কমিশনার-সহ সংশ্লিষ্ট আধিকারিকদের চিঠি দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব।
চিঠিতে বলা হয়েছে, গত ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবসে মুখ্যমন্ত্রীর সূচনা করা রাজ্যব্যাপী পরিবেশ অভিযানের ধারাবাহিকতায় এবার ‘অরণ্য সপ্তাহ’ উদযাপন করা হবে। রাজ্য সরকারের লক্ষ্য, ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে অন্তত ১.১০ কোটি গাছ রোপণ করা। এই কর্মসূচির নোডাল দফতর হিসেবে কাজ করছে বন দফতর।
মুখ্যসচিব জানান, জনকল্যাণ শিবির এবং আন্তর্জাতিক যোগ দিবসের বৃক্ষরোপণ কর্মসূচির পর এবার ‘অরণ্য সপ্তাহ’ হবে এই অভিযানের পরবর্তী বড় পদক্ষেপ। ১৪ জুলাই উদ্বোধনের মাধ্যমে সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু হবে এবং ২০ জুলাই সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে। রাজ্য, জেলা ও মহকুমা স্তরে প্রতিদিন নির্ধারিত কর্মসূচি পালনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
প্রতিটি জেলার জেলা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান হিসেবে জেলাশাসকদের নেতৃত্ব দিয়ে সমস্ত দফতর, স্থানীয় প্রশাসন, সরকারি-বেসরকারি সংস্থা এবং বিভিন্ন অংশীদারকে সমন্বয় করে কর্মসূচি সফল করার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়াও বিভিন্ন সরকারি দফতর, চেম্বার অফ কমার্স, সরকারি ও বেসরকারি সংস্থা এবং শিল্প প্রতিষ্ঠানগুলিকেও সক্রিয়ভাবে এই বৃক্ষরোপণ অভিযানে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে স্কুল শিক্ষা দফতরকেও প্রয়োজনীয় নির্দেশিকা জারি করার অনুরোধ করা হয়েছে।
















