আজকাল ওয়েবডেস্ক: ব্যারাকপুর থেকে বাবুঘাটে চালু হচ্ছে ওয়াটার ট্যাক্সি! চলবে দূরপাল্লার ভেসেলও। সড়কপথের যানজট কমাতে এবং যাত্রীদের দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে বড় উদ্যোগের কথা ঘোষণা করলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী অর্জুন সিং।
খুব শীঘ্রই ব্যারাকপুর থেকে বাবুঘাট এবং মেটিয়াবুরুজ পর্যন্ত ওয়াটার ট্যাক্সি পরিষেবা চালু করা হবে। পাশাপাশি চালু হবে দূরপাল্লার ভেসেল পরিষেবাও।
শুক্রবার ভাটপাড়ার গোলঘর পার্কে এক খুঁটি পুজোর অনুষ্ঠানে যোগ দিয়ে মন্ত্রী এই ঘোষণা করেন। তিনি জানান, কলকাতা ও সংলগ্ন এলাকায় প্রতিদিন বাড়তে থাকা যানজটের বিকল্প হিসেবে জলপথের ব্যবহার বাড়ানোর উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। সেই লক্ষ্যেই গঙ্গার নদীপথকে আরও কার্যকরভাবে কাজে লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
পরিবহণ মন্ত্রীর কথায়, ব্যারাকপুর থেকে বাবুঘাট ও মেটিয়াবুরুজ পর্যন্ত ওয়াটার ট্যাক্সি চালু হলে উত্তর ২৪ পরগনা ও কলকাতার মধ্যে যাতায়াত অনেক সহজ হবে। অফিসযাত্রীদের সময় যেমন বাঁচবে, তেমনই সড়কপথের উপর চাপও উল্লেখযোগ্যভাবে কমবে। একই সঙ্গে দূরপাল্লার যাত্রীদের সুবিধার জন্য বিশেষ ভেসেল পরিষেবা চালুর পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি। মন্ত্রী আরও বলেন, ভবিষ্যতে রাজ্যের জলপথ পরিবহণ ব্যবস্থাকে আরও আধুনিক ও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হবে। এতে একদিকে যেমন যাত্রী পরিষেবার মান উন্নত হবে, অন্যদিকে পরিবেশবান্ধব পরিবহণ ব্যবস্থার প্রসারও ঘটবে।
















