আজকাল ওয়েবডেস্ক: দুদিন আগে যে শ্রমিক সংগঠনের অফিস ছিল তৃণমূল কংগ্রেসের, পালাবদল হবার পর তাই রাতারাতি হয়ে গেল বিজেপি। পূর্ব বর্ধমানের আউশগ্রামের ঘটনা। 


আউশগ্রামের গুসকরা বাসস্ট্যান্ডের বাস কর্মী ইউনিয়ন অফিস একেবারে গেরুয়া রঙে সেজে উঠেছে। কর্মীরাও সব নতুন দলে ভিড়ে যাচ্ছেন। যদিও স্থানীয় বাসিন্দা আনোয়ার শেখ জানান, ক্ষমতায় যে আসবে,  সেই এটা দখল করে। আদতে এটা ছিল সিপিএমের বাস শ্রমিকদের অফিস। তারাই মাটি বুজিয়ে তৈরি করেছিল। তৃণমূল আমলে এটা ছিল তৃণমূল কংগ্রেসের। এবারে বিজেপি হবে।


তবে এর দায় নিচ্ছেন না বিজেপি বিধায়ক কলিতা মাঝি। তার সাফ কথা, রাজ্য থেকে বলা আছে, আমাদের দলের ইউনিয়ন নেই। তার আরও সংযোজন,  এই অফিস থেকে অনেকে দুর্নীতি করতেন। উপর থেকে কী নির্দেশ এল দেখি। আমরা তো এই কদিন হল ক্ষমতায় এসেছি।

 

প্রসঙ্গত, রাজ্য রাজনীতির পালাবদলের পর বদলেছে অনেক কিছুই। নতুন সরকার ক্ষমতায় এসের একের পর এক উন্নয়নমূলক প্রকল্পের কথা ঘোষণা করেছেন। পাশাপাশি, প্রাক্তন শাসকদল তৃণমূলের অনেক নেতা-মন্ত্রীই এখন পুলিশের জালে। এতদিন ব্যান্ডেলে ব্যবসায়ী সমিতির অফিস দখল করেই চলছিল তৃণমূলের পার্টি অফিস। ভোটে ভরাডুবির পর সেই অফিস ফের ব্যবসায়ীদের হাতে ফেরাল তৃণমূল।

 

সূত্রের খবর, ব্যান্ডেল লিচু বাগান এলাকায় ব্যবসায়ী সমিতির অফিস ছিল। অসিত মজুমদার বিধায়ক হওয়ার পর সেই অফিস দখল নিয়ে তৃণমূল পার্টি অফিস তৈরি করা হয়েছিল। বুধবার সন্ধ্যায় অফিসের ভিতর এবং বাইরে থাকা দলীয় পতাকা খুলে দেওয়া হল পার্টির তরফে। মুছে দেওয়া হল দলের সমস্ত চিহ্ন। এর পর ব্যবসায়ী সমিতির অফিসটি দীর্ঘদিন পর তাদের হাতেই তুলে দিল প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার। ওই সময় উপস্থিত ছিলেন ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েতের প্রধান-উপপ্রধানরা।