আজকাল ওয়েবডেস্ক: সোমবার সন্ধ্যায় ঝড়বৃষ্টির জেরে শিয়ালদহ-রানাঘাট শাখায় বিধ্বস্ত হয় ট্রেন চলাচল। পূর্ব রেল সূত্রে খবর, শিমুরালি স্টেশনের কাছে ওভারহেড তার ছিঁড়ে যাওয়ায় দীর্ঘক্ষণ বন্ধ ছিল ট্রেন চলাচল।
সপ্তাহের প্রথম দিনেই অফিস টাইমে ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় ব্যাপক দুর্ভোগের মধ্যে পড়তে নিত্যযাত্রীদের। রেল সূত্রে জানা গিয়েছে, প্রবল ঝড়বৃষ্টির মধ্যেই শিমুরালি স্টেশনের কাছে ওভারহেডের তার ছিঁড়ে গিয়েছিল।
ডাউন লাইনে সম্পূর্ণভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়, আপ লাইনে ধীর গতিতে ট্রেন চলাচল করছিল। রেল সূত্রে জানা গিয়েছে, রাত ১০.১২ নাগাদ স্বাভাবিক হয় রানাঘাট-শিয়ালদা শাখায় ট্রেন চলাচল।
প্রথমে আপ লাইনে পরিষেবা স্বাভাবিক করা হয় এবং তার কিছুক্ষণের মধ্যে ডাউন লাইনেও স্বাভাবিক হয় পরিষেবা। উল্লেখ্য, সম্প্রতি পূর্ব রেলের তরফে পরিচ্ছন্নতা ও যাত্রী সুবিধা জোরদার করার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার এই লক্ষ্যে ব্যাণ্ডেলে পূর্ব রেলের প্রিন্সিপাল চিফ কমার্শিয়াল ম্যানেজার ডঃ উদয় শঙ্কর ঝা ‘রিপোর্ট করার ৩০ মিনিটের মধ্যে পরিচ্ছন্নতার নিশ্চয়তা’ প্রকল্প চালুর কথা ঘোষণা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়ার সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার, শ্রী রাহুল রঞ্জন সহ রেলের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে ডঃ উদয় শঙ্কর ঝা আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের সূচনা করেন।
পাশাপাশি, রেল স্টেশন এবং সংলগ্ন রেল চত্বর জুড়ে পরিচ্ছন্নতা বজায় রাখার উপর বিশেষ জোর দেন। তিনি বলেন যে, ‘এই প্রকল্পের লক্ষ্য হল যাত্রীদের স্বাচ্ছন্দ্য, স্বাস্থ্যবিধি এবং সামগ্রিক ভ্রমণ অভিজ্ঞতা উন্নত করে তোলা।’ সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে পূর্ব রেলওয়ের প্রিন্সিপাল চিফ কমার্শিয়াল ম্যানেজার যাত্রীদের সহযোগিতাও চেয়েছেন।
তিনি জোর দিয়ে বলেছেন, ‘একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রেল পরিবেশ বজায় রাখতে এবং এই উদ্যোগের উদ্দেশ্যগুলি অর্জনের জন্য জনগণের অংশগ্রহণ ও সচেতনতা অপরিহার্য।’
এই প্রসঙ্গে হাওড়ার সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার, শ্রী রাহুল রঞ্জনও বলেছেন, ‘স্যানিটেশন ব্যবস্থার এবং উন্নত যাত্রী পরিষেবা নিশ্চিত করার ক্ষেত্রে এই প্রকল্পের গুরুত্ব অপরিসীম।’
পাশাপাশি জানান, তিনি নিরন্তর পর্যবেক্ষণ ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে পরিচ্ছন্নতা বজায় রাখার নিরন্তর চেষ্টা চালাবেন। একইসঙ্গে হাওড়া বিভাগের তরফে তিনি অঙ্গীকার করেন নিরাপদ এবং যাত্রীবান্ধব রেল স্টেশন বজায় রাখার।
কর্মসূচি শেষে, পূর্ব রেলওয়ের পিসিসিএম, হাওড়ার সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজারকে সঙ্গে নিয়ে ব্যান্ডেল স্টেশন এবং এর পার্শ্ববর্তী রেল এলাকার পরিচ্ছন্নতা পরিদর্শন করেন। পরিদর্শনকালে যথাযথ স্যানিটেশন, স্টেশন চত্বরের রক্ষণাবেক্ষণ এবং কার্যকর হাউসকিপিং ব্যবস্থাপনার উপর জোর দেওয়া হয়।














