আজকাল ওয়েবডেস্ক: কংগ্রেসের শহিদ দিবস, হাইজ্যাক করে নিয়েছেন তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি। হাত শিবিরের এই অভিযোগ বহুদিনের। এবার 'হাইজ্যাক' করা শহিদ দিবস একপ্রকার পুনরুদ্ধার করছে কংগ্রেস। আগেই জানানো হয়েছে, খাস কলকাতায়, বিপুল সমাবেশ হবে। শহিদ মিনার চত্বরে কংগ্রেসের শহিদ দিবস।

এর আগে কলকাতার রাজ্য দপ্তর, জেলা কংগ্রেসের দপ্তরে, ব্লক স্তরে শহিদ দিবস পালন করেছে কংগ্রেস। এবার শহিদ দিবস কলকাতায় বড় করে কেন? তৃণমূলের অবস্থা দেখেই কি সিদ্ধান্ত? প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সুমন রায় চৌধুরী জানাচ্ছেন, 'এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। বহুদিনের আমাদের কর্মীদের দাবি এই সমাবেশের। কারণ শহিদ দিবস কংগ্রেস থেকে একপ্রকার হাইজ্যাক করে নিয়েছিল তৃণমূল।' শীর্ষ নেতৃত্বকে আহ্বান জানিয়েছে প্রদেশ কংগ্রেস, কে কে সেদিন সেখানে উপস্থিত থাকেন নজর সেদিকে। 

একই সঙ্গে নজর কালীঘাটেও। মমতা ব্যানার্জি গত কয়েকবছর বিপুল জনসমাগমে ধর্মতলায় একুশে জুলাই পালন করেছেন। এবার? সূত্রের খবর, যুব তৃণমূলের মুখেদের নিয়ে আজ কালীঘাটে বৈঠকে বসছেন মমতা ব্যানার্জি। বিকেল চারটের ওই বৈঠকে সিদ্ধান্ত হতে পারে, ২১ জুলাই নিয়ে। কারণ, সোম বিকেলেই, যুব সংগঠনকে চাঙ্গা করতে, নতুন করে পথে নামার ডাক দিতে পারেন মমতা, সূত্রের খবর তেমনটাই। 

কিন্তু মমতা ব্যানার্জি ২১ জুলাই পালন করতে চাইলে, কী কী বাধা হতে পারে তাঁর জন্য? রাজনৈতিক মহলের মতে, প্রথম বাধা হবে, তাঁর দল। ভোটে হারার পর থেকে তৃণমূল টুকরো টুকরো। মমতা-ম্যাজিক এখনও বেঁচে থাকলেও, জেলা স্তরে তাঁর নেতারা ধীরে ধীরে অন্য দলে চলে গিয়েছেন। সেখানে, নেতারা যে গাড়ি-বাস ভর্তি করে জেলা থেকে কর্মীদের নিয়ে আসতেন, সেই সংখ্যায় এবার ব্যাপক ভাটা। অন্যদিকে চিন্তা বাড়াচ্ছে অ্যাকাউন্ট ফ্রিজের বিষয়টিও। তৃণমূল অ্যাকাউন্ট ফ্রিজ হওয়া নিয়ে আদালতে গেলেও, কতটা সুরাহা হবে, সে উত্তর অতল জলে। 

অন্যদিকে, রাস্তা বন্ধ করে সভা করা নিয়েও বিপাকে মমতা ব্যানার্জির দল। ২১ জুলাই রাস্তা বন্ধ করে তৃণমূলের  সমাবেশ, এই অভিযোগ তুলে মামলা দায়ের হয়েছিল বহু আগেই। হাইকোর্ট ২০১৮ সালে জানিয়েছিল, শহরের কোনও রাস্তা বন্ধ করে রাজনৈতিক সভা করা যাবে না। কিন্তু ২০২৫-এও তৃণমূল রীতিমতো রাস্তা বন্ধ করেই ২১ জুলাই পালন করে। আদালত অবমাননার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ফলে ২১ জুলাইয়ের সভা-সমাবেশ নিয়ে ইতিমধ্যে আইনি বিপাকে মমতার তৃণমূল। এই পরিস্থিতিতে, ভেঙে পড়া সংগঠনকে চাঙ্গা করতে আজ কোন বুস্টার ডোজ দেন দলনেত্রী, নজর সেদিকেই।