আজকাল ওয়েবডেস্ক: ডিম ছোড়া নিয়ে গত কয়েকদিনে, রাজ্যের নানা প্রান্ত থেকে, নানা ছবি ফুটে উঠেছে কয়েকদিনে। অভিষেক ব্যানার্জি থেকে সব্যসাচী দত্ত-সহ বহু জেলার তৃণমূল নেতা, পথে বেরিয়েই ডিমে আক্রান্ত হয়েছেন। এবার লাইভ করে একেবারে 'ডিম ছোড়া' দেখালেন মহুয়া মৈত্র। 

 

মহুয়া গত কয়েকদিনে, বারে বারে সরব হয়েছেন 'গণতন্ত্র' নিয়ে। কখনও নিজের এলাকার পরিস্থিতি নিয়ে সরব হয়েছেন সোশ্যাল মিডিয়ায়, কখনও মমতার বাড়ির সামনে দাঁড়িয়ে তুলোধোনা করেছেন বিক্ষুব্ধ নেতা-নেত্রীদের। বুধবার মহুয়া আচমকা ফেসবুক লাইভ করে, একপ্রকার আর্তনাদ করেন। 

ফেসবুক লাইভে, কৃষনগরের সাংসদ বলেন, 'আমরা কালীগঞ্জে, দলীয় কার্যালয়ে, দলের মিটিং করছি। নীচে, বিজেপির লোক-মহিলারা রাস্তা আটকে, আমাদের বেরোতে দিচ্ছে না।' দলীয় কার্যালয়ের ওপরের তলা থেকে ফেসবুক লাইভ করে, নীচে দাঁড়িয়ে থাকা, বহু মানুষের ছবি দেখান। সঙ্গেই বলতে থাকেন, এই হচ্ছে রাজ্যের আইন-শৃঙ্খলার পরিস্থিতি। তবে শুরু থেকেই মহুয়ার অভিযোগ, বাইরে দাঁড়িয়ে থাকা বহু মানুষ, সাধারণ মানুষ নন, আসলে তাঁরা সকলেই বিজেপি কর্মী। 

সঙ্গেই তিনি বলেন, 'এঁরা এখানে দাঁড়িয়ে আছে। প্রত্যেকের মুখ দেখতে পাচ্ছেন, পুলিশ কোথায়? বিজেপির লোকেরা আমাদের মিটিংয়ের সামনে দাঁড়িয়ে কী করছেন, দেখুন। দেখুন, ইচ্ছাকৃতভাবে বিজেপি কী করছে।'

লাইভের মাঝেই দেখা যায়, নীচ থেকে বহু মানুষ ওপরের তলার দিকে লক্ষ্য করে  ডিম ছুঁড়ছে। সেই সময়েও টানা লাইভ করে যান মহুয়া। তাঁকে বলতে শোনা যায়, 'সবাই দেখুন, কার ব্যাগে ডিম আছে, কে ডিম ছুড়ছে। মুখ দেখা যাচ্ছে স্পষ্ট। পরে পুলিশ বলবে আমরা চিনতে পারছি না।'

 

মহুয়া লাইভে বলেন, 'আমি লুকিয়ে যাইনি, আমি পরিস্থিতির মুখোমুখি হচ্ছি।' কর্মীদের উদ্দেশেও, পরিস্থিতির মুখোমুখি হওয়ার বার্তা দেন। লাইভে, পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল সাংসদ। তিনি সাফ জানান, জমায়েত সম্পূর্ণ খালি না করলে, তিনি জায়গা থেকে সরবেন না। 

 

এই প্রসঙ্গে কী বলছেন রাজ্য বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার? দেবজিৎ বলছেন, 'ডিম ছোড়া আমাদের সংস্কৃতি নয়। তৃণমূলের যাঁরা এতদিন কিছু পাননি, তাঁরাই ডিম ছুঁড়ছেন। ডিম ছোড়ার বিরোধিতা করছি। আবার হলে, আবার বিরোধিতা করব।'