আজকাল ওয়েবডেস্কঃ শনিবার ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠকে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বৈঠকে যোগ দেওয়ার আগে ডায়মন্ড হারবার স্টেশন বাজারে বিজেপি কর্মী, সমর্থক এবং দলের শীর্ষ নেতৃত্বদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন তিনি। তাঁর আগমনকে কেন্দ্র করে স্টেশন বাজার এলাকায় সকাল থেকেই বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। মুখ্যমন্ত্রী এলাকায় পৌঁছতেই দলীয় কর্মীরা তাঁর হাতে ফুলের তোড়া তুলে দেন। শুভেচ্ছা জানিয়ে তাঁকে সেখানে স্বাগত জানান।
এদিন মুখ্যমন্ত্রী উপস্থিত কর্মী-সমর্থকদের সঙ্গে কুশল বিনিময় করেন। পাশাপাশি, স্থানীয় নেতৃত্বদের সঙ্গে কিছুক্ষণ আলোচনায় বসেন তিনি। সূত্রের খবর, প্রশাসনিক বৈঠকের আগে সংগঠনের বর্তমান পরিস্থিতি, এলাকার উন্নয়নমূলক কাজ এবং জনসংযোগ বাড়ানোর বিষয়েও সংক্ষিপ্ত আলোচনা হয়েছে। বিজেপির জেলা ও স্থানীয় স্তরের একাধিক শীর্ষ নেতাও এদিন উপস্থিত ছিলেন।
মুখ্যমন্ত্রীর এই সৌজন্য সাক্ষাৎকে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। অনেকের মতে, প্রশাসনিক কর্মসূচির পাশাপাশি দলীয় সংগঠনকে আরও মজবুত করতে এবং কর্মীদের মনোবল বাড়াতেই এই উদ্যোগ। ডায়মন্ড হারবারে মুখ্যমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও ছিল চোখে পড়ার মতো।
ডায়মন্ড হারবারে প্রশাসনিক সভায় যাওয়ার আগে এ দিন সকালে বাংলায় জয়ের অন্যতম কারিগর মিঠুন চক্রবর্তীর সঙ্গে তাঁর নিউটাউনের বাড়িতে দেখা করেন মুখ্যমন্ত্রী। সাক্ষাৎ পর্বে ফাটাকেষ্টও প্রশংসায় ভরিয়ে দেন শুভেন্দুকে। বলেন, "পশ্চিমবঙ্গের সেরা মুখ্যমন্ত্রী শুভেন্দু"।
প্রায় এক ঘণ্টা চলে বৈঠক। শুভেন্দু বলেন, "মিঠুনদা গত পাঁচ-ছয় বছরে রাজ্যের রাজনৈতিক পরিবেশ বদলে দিয়েছেন। তিনি বিজেপি-র অন্যতম মুখ হয়ে উঠেছেন। শুধু পশ্চিমবঙ্গেই নয়, গোটা দেশেই তিনি অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি। শুধু বিজেপিতেই তাঁর অনুরাগী রয়েছে, এমনটা নয়, দলের বাইরেও বহু মানুষ তাঁর ভক্ত।’
মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘বিগত ছ’বছর ধরে বাংলায় পরিবর্তন আনার জন্য মিঠুনদা অক্লান্ত পরিশ্রম করেছেন। স্বার্থহীন ভাবে দলের জন্য তিনি কাজ করেছেন। উনি আমাকে আগেই জানিয়েছিলেন, আমার সঙ্গে দেখা করতে যেতে চান। আমি বলেছি, আপনার আসার প্রয়োজন কী? আপনার তৈরি করা মুখ্যমন্ত্রীই আপনার সঙ্গে দেখা করতে আসবে।"
তিনি আরও বলেন, "একসময় খেলার মাঠে যেমন জনপ্রিয়তা ছিল, তেমনই সিনেমার পর্দাতেও মিঠুনদার আলাদা জায়গা ছিল। অষ্টম শ্রেণি পাস করেই তাঁর সিনেমা দেখা শুরু করি। মিঠুনদা সবসময়ই সবার থেকে আলাদা।"
অন্য দিকে, এ দিন সকালে মুখ্যমন্ত্রীকে হুমকি দেওয়ার অভিযোগ এক যুবককে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।
পুলিশের দাবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আত্মঘাতী হামলার হুমকি দিয়ে ‘আল-কায়েদা’ নাম ব্যবহার করে ই-মেল পাঠিয়েছিল এক ব্যক্তি। ওই ঘটনার জন্য ইতিমধ্যেই গার্ডেনরিচ থেকে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ভি. সলোমন জানান, গত ১৪ মে সকাল প্রায় ১০টা ১৫ মিনিট নাগাদ ভবানীপুর থানায় একটি হুমকিমূলক ই-মেল আসে। সেখানে ‘আবিদা আলি’ নামে এক মহিলা নিজেকে আল-কায়েদা অপারেটিভ বলে দাবি করে মুখ্যমন্ত্রীর উপর আত্মঘাতী হামলার হুমকি দেন।















