আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে তৃণমূল সরকারের আমলে হওয়া সমস্ত দুর্নীতির তদন্ত করবে নতুন সরকার। নবান্নে সাংবাদিক সম্মেলনে এই কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার তিনি জানান, অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হবে। সরকারি প্রকল্পের টাকা নয়ছয়, দুর্নীতি, কাটমানির অভিযোগের তদন্ত করবে কমিটি। এছাড়াও নারী নির্যাতনের অভিযোগের তদন্তের জন্যও কমিটি গঠন করা হয়েছে। বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের নেতৃত্ব ওই তদন্ত কমিটিতে কাজ করবেন আইপিএস দময়ন্তী সেন। শুভেন্দু জানিয়েছেন, দু’টি কমিটিই ১ জুন থেকে কাজ করা শুরু করবে।
গত নতুন সরকার গঠনের পরে প্রথম মন্ত্রিসভার বৈঠক হয়েছিল। ওই বৈঠক শেষে শুভেন্দু জানিয়েছিলেন, পরবর্তী বৈঠকে প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং নারী নির্যাতনের বিষয়ে আলোচনা করা হবে। এদিনের মন্ত্রিসভার বৈঠকে উপরোক্ত বিষয়গুলি নিয়েই আলোচনা হয়। তারপরেই কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, “প্রাতিষ্ঠানিক দুর্নীতির তদন্তে প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। ১ জুন থেকে কমিটি কাজ করা শুরু করবে। সরকারের তরফ থেকে মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিব সব রকম সাহায্য করবে। আশা করছি ৩০ দিনের মধ্যে কমিটি সুপারিশ করবে। সেই অনুযায়ী পুলিশ প্রশাসন পদক্ষেপ করবে। বিএনএসের ধারায় পদক্ষেপ করা হবে। সরকারি কোষাগারের যে টাকা নয়ছয় করা হয়েছে, তা পুনরুদ্ধারের চেষ্টা করা হবে। পশ্চিমবঙ্গের মানুষ অভিযোগ জানাতে পারবেন, এছাড়াও যে সব তদন্তকারী সংস্থা তদন্তের দায়িত্ব পেয়েছিল তারাও অভিযোগ জানাতে পারবে।”
এরপরেই শুভেন্দু বলেন, “গত কয়েক বছরে মহিলা, মা বোন শিশুদের উপর যে অত্যাচার হয়েছে, তার তদন্ত করার জন্য আরও একটি কমিশন গঠন করা হয়েছে। এর চেয়ারপার্সন প্রাক্তন বিচারপতি সমাপ্তি চ্যাটার্জি। কমিটির সদস্যসচিব হিসাবে থাকবেন এডিজি পদমর্যাদার আইপিএস দময়ন্তী সেন এই কমিটিতে রয়েছেন। অভিযোগ জানানোর জন্য পোর্টাল, হোয়াটসঅ্যাপ নম্বরও চালু করা হবে। পরে থাকা অভিযোগ নিয়ে তদন্ত শুরু করা হবে। কেন্দ্রের যত সুপারিশ পড়ে রয়েছে তা নিয়েও কাজ করবেন। জনশুনানির মতো আয়োজন করা হবে থানাস্তরে। অফিস চালু হলে বিস্তারতি তারা জানিয়ে দেবেন। যে সকল মামলাগুলি বর্তমানে সুপ্রিম কোর্ট, হাই কোর্ট বা কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করছে সেগুলি বাদে অন্য সব অভিযোগ নিয়ে তদন্ত হবে। প্রয়োজন অনুযায়ী, পদক্ষেপ করবেন দময়ন্তী সেন।”
প্রসঙ্গত, আইপিএস দময়ন্তী সেন কলকাতা পুলিশের প্রথম মহিলা গোয়েন্দা প্রধান ছিলেন। পার্ক স্ট্রিট ধর্ষণ মামলায় স্বাধীন তদন্তের জন্য তিনি বিশেষভাবে পরিচিত। পরবর্তীতে তাঁকে কলকাতা পুলিশের পদ থেকে রাজ্য পুলিশে বদলি করা হয়েছিল।















