আজকাল ওয়েবডেস্ক: ‘মমতা ব্যানার্জি হয়তো আমার ওপর রাগ করেছেন।’ বঙ্গ সফরে এসে রাজ্য সরকারের প্রতি অসন্তোষ প্রকাশ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এদিন গোঁসাইপুরে এসেছেন রাষ্ট্রপতি।

জানা গিয়েছে, দ্রৌপদী মুর্মুর এই অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়নি রাজ্যের তরফে। সে কারণে অনুষ্ঠানের স্থান পরিবর্তন করা হয়েছে। বারবার অনুমতি চাওয়া সত্ত্বেও অনুমতি মেলেনি বলে অভিযোগ উঠেছে।

উল্লেখ্য, প্রোটোকল অনুযায়ী রাষ্ট্রপতি রাজ্যে এলে রাজ্যের তরফে কাউকে দেখা করতে হয়। কিন্তু সেই নিয়ম মানা হয়নি বলেই অভিযোগ উঠেছে।

রাষ্ট্রপতি হওয়ার পর এই প্রথম উত্তরবঙ্গে এলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।  গোটা উত্তরবঙ্গ কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে।

শুক্রবার বিকেলে বাগডোগরায় নামেন রাষ্ট্রপতি। সেখান থেকে তিনি পৌঁছন লোকভবনে। লোকভবনে একটি অনুষ্ঠানে যোগ দেন। শনিবার তাঁর বিধাননগরে যাওয়ার কথা ছিল।

কিন্তু নিরাপত্তার কারণে বিধাননগর থেকে তাঁর অনুষ্ঠান সরিয়ে নিয়ে আসা হয়েছে গোঁসাইপুরে। সেখান থেকে রাষ্ট্রপতি ভার্চুয়ালি বিধাননগরের অনুষ্ঠানে যোগ দেন।

তবে এদিন হয়তো রাষ্ট্রপতি ভেবেছিলেন, অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। কিন্তু তিনি না আসায় দুঃখ প্রকাশ করেন দ্রৌপদী মুর্মু। তিনি জানান, হয়তো তাঁর ওপর রাগ করেছেন মমতা।

অনুষ্ঠানের মঞ্চ থেকে রাষ্ট্রপতি মুখ্য়মন্ত্রীকে নিজের ছোট বোন বলেও উল্লেখ করেন। বলেন, 'মমতা আমার ছোট বোনের মতো। আমিও তো বাংলারই মেয়ে। হয়তো রাগ করেছে আমার ওপর।' 

রাষ্ট্রপতি আর বলেন, 'হয়তো ভেবেছিলেন এখানে কেউ আসবে না। ভেবেছিলেন হয়তো রাষ্ট্রপতি আসবেন এমনিই ঘুরে চলে যাবেন। আমার কিন্তু কোনও রাগ নেই।'

তিনি জানান, তাঁর গোঁসাইপুরে অনুষ্ঠানের সূচি আগে থেকেই ঠিক করা ছিল। রাষ্ট্রপতি এলে রাজ্যপালও আসেন কিন্তু বাংলায় সেটাও বদল হয়েছে, বলে জানান দ্রৌপদী মুর্মু।