আজকাল ওয়েবডেস্ক: প্রতীক উর রহমান। সিপিএম ছেড়ে দিয়েছেন। সাফ জানিয়েছেন, এখন দলকে নিয়ে 'ভাল ভাল কথা বলার' আর দায় তাঁর নেই। দলের প্রতি ক্ষোভ-অভিমানের কথা তিনি গত দু'দিনে বারেবারে জানিয়েছেন। তবে বৃহস্পতিবার যেন আরও বিস্ফোরক প্রতীক উর। সংবাদমাধ্যমের সামনে নিজের দলের সমালোচনাই শুধু করলেন না, একইসঙ্গে বললেন, মমতা ব্যানার্জির জমানার সরকারি প্রকল্পগুলি কেবল 'ভিক্ষা' নয়, মানুষের অধিকার।

এই একটি লাইন যথেষ্ট, প্রতীক উরের ভাবনা বদল বুঝতে। কারণ ওই সাক্ষাৎকারেই প্রতীক উর নিজেই জানিয়েছেন, একটা সময়ে, প্রতীক উর এবং তাঁর মতো বাম নেতারাই মমতা জমানার প্রকল্পগুলিকে 'ভিক্ষা' বলে দাগিয়ে দিয়েছেন। জোর গলায় বলেছেন, ভিক্ষা নয়, অধিকার চায় তাঁদের। তাহলে কি প্রতীক উরের বদল ১৮০ ডিগ্রি? বদল হলেও, প্রশ্ন, কেন এই বদল? কেন একজন কমিউনিস্ট পার্টির নেতা বলছেন একথা জোর গলায়।

প্রতীক উর এদিন কী বললেন? বললেন, 'মমতা ব্যানার্জি সরকার একাধিক প্রকল্প দিয়েছে বাংলার মানুষকে। একটা সময় আমরা বলতাম ভিক্ষা, ভিক্ষা। কিন্তু পরে বুঝেছি এই সরকার মানুষের অধিকার দিয়েছে। মানুষ মনে করছে, লক্ষ্মীর ভাণ্ডারের মধ্যে নিজের আত্মসম্মান খুঁজে পেয়েছে।' প্রতীক উর এদিন সাফ জানান, বামপন্থীরা পরে বুঝেছিলেন, মমতা ব্যানার্জির সরকার যা করছে, তা  আসলে মানুষের সম্মান ফিরিয়ে দিয়েছে, ফিরিয়ে দিয়েছে আত্মসম্মান। প্রতীক উরের এই দলত্যাগের পর, 'ভুল বোঝা'র যে স্বীকারোক্তি, রাজনৈতিক মহলে তা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকেই। 

শুধু তাই নয়। প্রতীক উর, গত কয়েকদিন ধরে যেন পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো করে, প্রকাশ্যে আনছেন দলের বিরুদ্ধে তাঁর যাবতীয় ক্ষোভকে। দলের সেটিং তত্ব, সেলিব্রিটি কালচার, লবি'র মতো একগুচ্ছ বিষয়কে সোজা সামনে টেনে এনে তাঁর প্রশ্ন, এসব অপ্রিয় প্রশ্ন কি সইতে পারে না কমিউনিস্ট পার্টি?

 

এর আগে, বুধবার প্রতীক উর সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের দিকে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন। প্রশ্ন করেছিলেন, যদি হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠকে বসতে পারেন সেলিম, তাহলে কেন একজন বিদ্রোহী পার্টির নেতাকে ডাকলেন না? এক পক্ষের মত, প্রতীক উর অপেক্ষা করছেন, দল কখন তাঁকে বহিষ্কার করে। অন্য পক্ষের মত, দল অপেক্ষা করছে, প্রতীক উর প্রকাশ্যে দলের বিরুদ্ধে আর কতটা বিস্ফোরক হতে পারে, সেদিকে। সোম থেকে বৃহস্পতি, যাবতীয় জল্পনা, টানটান উত্তেজনা বজায় রেখে জল মাপছে দু' পক্ষ।

মাঝে মাঝে, এক একটি মন্তব্য সামনে এনে, প্রতীক উর কি দলবদল, বাঁকের পরের  পথ জোড়ফুল ঢাকা কিনা, তাঁর ইঙ্গিত দিচ্ছেন?

১৮০ ডিগ্রি বদল হল? নাকি ৩৬০ ডিগ্রি ঘুরে এক জায়গাতেই দাঁড়িয়ে এখনও?

হাজার প্রশ্ন তুলে, ধেয়ে আসা প্রশ্নের মাঝে দাঁড়িয়ে বলছেন, 'আর একটু অপেক্ষা করে যান।'